Published : 09 Jul 2026, 03:06 PM
নওগাঁয় রাণীনগর ও মান্দা উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাণীনগর উপজেলার মালশন গ্রামের মোহাম্মদ খয়বর আলীর ছেলে সাখাওয়াত হোসেন (৫৫) ও মান্দা উপজেলার এলেঙ্গা মৃধাপাড়া এলাকায় তহির সরদারের ছেলে ইসমাইল সরদার (৫০)।
রাণীনগর থানার ওসি মোহাম্মদ জাকারিয়া বলেন, জেলায় বুধবার রাত থেকেই বৃষ্টি পড়ছিল। সকালে বৃষ্টির মধ্যেই মালশন গ্রামের সাখাওয়াত হোসেন বাড়ির পাশে তার নিজ জমিতে কৃষি কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ওসি।
এদিকে মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন মণ্ডল বলেন, সকালে ইসমাইল সরদার নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। পরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মান্দা থানার ওসি খোরশেদ আলম বজ্রপাতে ইসমাইল সরদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।