১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজে প্রধান সহকারীর বদলি: প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

“তাকে বদলি করে একজন দুর্নীতিবাজকে চেয়ারে বসাচ্ছেন তা আমরা মেনে নেব না।”

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2025, 05:40 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রধান সহকারী শেখ মোহাম্মদ সুরুজ জামানের বদলির আদেশ প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

তাদের দাবি, দ্রুত বদলির সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে আন্দোলন চলমান থাকবে।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রশাসনিক ভবন, জেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন।

গত ১৪ অগাস্ট প্রধান সহকারী শেখ মোহাম্মদ সুরুজ জামানকে গৌরীপুর সরকারি কলেজের হিসাবরক্ষক পদে বদলি করা হয়।

শিক্ষার্থীরা বলছে, প্রধান সহকারী শেখ মোহাম্মদ সুরুজ জামানকে ‘নিয়ম বহির্ভূতভাবে’ বদলি করা হয়েছে। তার আদেশ প্রত্যাহারের দাবিতে ১৪দিন ধরে তারা আন্দোলন করছে। তিনি ‘শিক্ষার্থী বান্ধব’ ছিলেন। হুটহাট করে তার বদলি মেনে নিতে পারছেন না তারা।

তার বদলির আদেশ প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে প্রশাসনিক ভবন এবং জেলা শিক্ষা অফিস কার্যালয়ে তালা দিয়ে আন্দোলন করা হচ্ছে।

স্নাতক ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আবিদ আইমান বলেন, “বদলি বাণিজ্য একটি ব্যধিতে পরিণত হয়েছে। আমরা সেটি ভাঙতে চাই।

“ভালো মানুষ তার কর্মক্ষেত্রে সততার উদারণ সৃষ্টি করবে এটা দোষের কিছু নয়। তাকে বদলি করে একজন দুর্নীতিবাজকে চেয়ারে বসাচ্ছেন তা আমরা মেনে নেব না।”

আলিফ আহমেদ মনিরনামের আরেক শিক্ষার্থী বলেন, “আমরা বিভিন্ন দপ্তরে তালা দিয়ে আন্দোলন করেছি; আদেশ প্রত্যাহার না হলে আরও কঠোর আন্দোলনে যাব। আমাদের পাঁচ দফা মানতে বাধ্য করব।”

শিক্ষার্থীদের বাকি দাবিগুলো হল- শিক্ষার্থীদের হুমকিদাতা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব বদরুল হাসান লিটনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, অসৎ বদলি বাণিজ্য সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সদ্য যোগ দেওয়া প্রধান সহকারী হিসেবে দুর্নীতিবাজ আজহারুল ইসলামের অপসারণ।

শিক্ষার্থীদের দাবির প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক অধ্যক্ষ একেএম আলিফ উল্লাহ আহসান বলেন, “সকাল থেকে আমরা অবরুদ্ধ। শিক্ষার্থীরা তালা দিয়ে রেখেছে।

“বদলি এবং প্রত্যাহার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে হয়। শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি অধিদপ্তরের মহাপরিচালককে জানানো হয়েছে।”

ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মো. জয়নুল আবেদীন খান বলেন, “বদলির বিষয়ে আমার কোনো হাত নেই। আমারও যে কোনো সময় বদলি হতে পারি।

“কিন্তু শিক্ষার্থীরা প্রধান সহকারী শেখ মোহাম্মদ সুরুজ জামানের বদলীর আদেশ ঠেকাতে আন্দোলন করছে। বিষয়টি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে জানানো হয়েছে।”