২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

শিশুদের মারামারি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া এক পর্যায়ে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

মৌলভীবাজারে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন
মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে স্বজনদের ভিড়।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2026, 10:29 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

মৌলভীবাজার সদরে শিশুদের নিয়ে ঝগড়ার জেরে ছুরিকাঘাতে ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।

বুধবার সন্ধ্যায় শহরের সার্কিট হাউজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম।

নিহত মো. তানিম (৩২) ওই এলাকার মোহাম্মদ সাইদুল ইসলামের ছেলে। তানিম পেশায় দিনমজুর ছিলেন।

ওসি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যা ৬টার দিকে শিশুদের মারামারি নিয়ে বড় ভাই হানিফের সঙ্গে তানিমের ঝগড়া হয়। এক পর্যায়ে হানিফ ক্ষিপ্ত হয়ে তানিমকে ছুরিকাঘাত করেন।”

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

ওসি বলেন, খবর পেয়ে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার পর থেকে হানিফ পলাতক আছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।