১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিএসএফের ‘পুশ ইন’ ঠেকাতে বৃষ্টির মধ্যে রাতভর গ্রামবাসীর পাহারা

“দেশের জন্য আমরা বিজিবির সঙ্গে কাজ করে যাচ্ছি।”

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2026, 05:12 PM

Updated : 11 Sep 2026, 03:38 PM

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সীমান্তে বিএসএফের অবৈধভাবে মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অপচেষ্টা রুখতে বিজিবির পাশাপাশি রাত জেগে পাহারা দিচ্ছে গ্রামবাসী। 

গ্রামের মানুষেরা জানান, বৃহস্পতিবার রাত থেকে ১৫ থেকে ২০ জনের একেকটি দলে ভাগ হয়ে তারা সীমান্তের শূন্যরেখা বরাবর বিভিন্ন এলাকায় পাহারা দিচ্ছেন। বৃষ্টি উপেক্ষা করেই তারা এই কাজ করছেন।   

তারা বলেন, বৃহস্পতিবার গভীর রাতে এই সীমান্ত দিয়ে বিএসএফ চারজনকে ঠেলে দেওয়ার চেষ্টা চালায়। কিন্তু বিজিবি সদস্যরা সেই চেষ্টা ব্যর্থ করে দেন। গ্রামবাসীর ধারণা, বিএসএফ হয়ত রাতের আঁধারে আবারও তাদেরকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে। এই আশঙ্কা থেকেই তারা পাহারা বসিয়েছেন।

সীমান্তবর্তী গোমরা গ্রামের সমাজসেবক আনোয়ার হোসেন বলেন, তারা খবর পেয়েছেন, সীমান্তের ওপারে বিএসএফ প্রায় দুই শতাধিক মানুষকে এনে জড়ো করেছে। তাদেরকে যেকোনো সময় ঠেলে দিতে পারে। এ কারণেই বিজিবির পাশাপাশি স্থানীয়রা পাহারা বসিয়েছেন।  

একই এলাকার যুবক আব্দুল কাদের মিয়া বলেন, “আমাদের গ্রামের লোকজন বিভিন্ন সবজি ক্ষেতে রাতে অবস্থান নেয়, যেন বিএসএফ কোনোভাবেই তাদের দেশের লোকজনকে অবৈধভাবে ঠেলে আমাদের এখানে না পাঠাতে পারে। দেশের জন্য আমরা বিজিবির সঙ্গে কাজ করে যাচ্ছি।”

ময়মনসিংহ-৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, “এমনিতেই সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে দিনরাত ‘হাই ভলিউম’ কার্যক্রম পরিচালনা করতে হয় বিজিবিকে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্রপাচার রোধ তাদের নিয়মিত কাজ। 

“সেখানে এখন যোগ হয়েছে ‘পুশ ইন’ প্রতিহত করা। এখন পর্যন্ত শেরপুর সীমান্ত দিয়ে কোনো ‘পুশ ইনের’ ঘটনা ঘটেনি। সম্ভাব্য ‘পুশ ইন’ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।”