২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বর্তমান প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধাদের আবার প্রস্তুত থাকার প্রয়োজন হতে পারে’

গোপালগঞ্জের মুকসুদপুরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন বিএনপির সংসদ সদস্য প্রার্থী সেলিম।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2026, 09:27 PM

Updated : 26 Aug 2026, 02:53 PM

দেশের বর্তমান প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধাদের আবার প্রস্তুত থাকার প্রয়োজন হতে পারে বলে আশঙ্কার কথা বলেছেন গোপালগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান সেলিম।

কেন্দ্রীয় বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বলেছেন, “দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধাদের আবারও প্রস্তুত থাকার প্রয়োজন হতে পারে।”

শুক্রবার মুকসুদপুর উপজেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

জামায়াতের দিকে ইঙ্গিত করে সেলিম বলেন, “অতীতে একটি নিষিদ্ধ ও গোপন রাজনীতিতে বিশ্বাসী দলের সঙ্গে বিএনপির রাজনৈতিক সম্পর্ক ছিল। তবে দলটি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না। দলটির শীর্ষ নেতারা ১৯৭১ সালের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময় বক্তব্য দিয়ে থাকেন।” 

সম্প্রতি নারী সমাজ ও নারীদের নিয়ে জামায়াতের এক নেতার বক্তব্যকে অশোভন ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন ধানের শীষের এ প্রার্থী।

বীর মুক্তিযোদ্ধা ফিরোজ খানের সভাপতিত্বে সভায় গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রাফিকুজ্জামান শরীফ এবং যুদ্ধকালীন মুক্তিবাহিনীর কমান্ডার জাফর আহম্মেদ মল্লিক উপস্থিত ছিলেন। সভায় উপজেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধারা অংশ নেন।