২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জের তিন আসনে সিপিবির দুজনসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

এ জেলার ছয় সংসদীয় আসনে মোট ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। ফলে আসনগুলোয় বর্তমানে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৩২ জন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2026, 06:34 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

সিরাজগঞ্জের তিনটি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দুইজনসহ সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে সিরাজগঞ্জ-৪, ৫ ও ৬ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আমিনুল ইসলাম এসব মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। 

এর মধ্যে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মধ্যে দলের কেন্দ্রীয় নেতার স্বাক্ষর নিয়ে জটিলতায় সিপিবির প্রার্থী আব্দুল হাকিম ও এক ভাগ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসাইনের মনোনয়ন বাতিল করা হয়েছে। 

সিপিবির কেন্দ্রীয় নেতার স্বাক্ষর নিয়ে জটিলতায় একইভাবে বাতিল করা হয় সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের প্রার্থী মতিয়ার রহমানের মনোনয়ন পত্র। এছাড়া এ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক গোলাম মওলা খান বাবলুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হতে ১ ভাগ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় তা বাতিল করা হয়। 

এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন সাত জন প্রার্থী। 

এছাড়া সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। দলীয় মনোনয়ন বিহীন তবুও দলের নামেই মনোনয়নপত্র দাখিল করায় মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল ইসলাম ছালামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ১ ভাগ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির ও ওয়াসেক ইকবাল খান মজলিসের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে মোট ৪৫জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। 

তাদের মধ্যে যাচাই-বাছাই পর্বের প্রথম দিন শনিবার সিরাজগঞ্জ-১, ২ ও ৩ আসনে ছয় জনের মনোনয়ন বাতিল করা হয়। রোববার দ্বিতীয় দিন আরও ৭ জনসহ মোট ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বর্তমানে ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৩২ জন।