২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে মাদক উদ্ধারের অভিযানে মিলল ৪২ গুলি, ম্যাগাজিন

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বলেন, ব্যাগের মধ্যে কিছু কাপড়, দুইটি মোবাইল ফোন ও কিছু কাগজও পাওয়া যায়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2024, 11:41 PM

Updated : 26 Aug 2026, 10:31 AM

বরিশালে মাদক উদ্ধারের অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ৪২টি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। 

রোববার সন্ধ্যায় বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজ এলাকায় অভিযান চালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, মাদক উদ্ধারের জন্য তাদের একটি দল রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়কে তল্লাশি চৌকি স্থাপন করে। 

তখন ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস থামানো হয়। বাসের একটি আসনের উপর ব্যাগ পড়েছিল। তবে ব্যাগের মালিকের সন্ধান মেলেনি। 

পরে ব্যাগটি খুলে একটি বাক্স পাওয়া যায়, বাক্সটি খুলে ৪২টি গুলি ও একটি ম্যাগাজিন পাওয়া যায়। 

সহকারী পরিচালক আরও বলেন, ব্যাগের মধ্যে এছাড়াও কিছু কাপড়, দুইটি মোবাইল ফোন ও কিছু কাগজপত্র পাওয়া যায়। 

পরে বিষয়টি এয়ারপোর্ট থানা পুলিশকে জানানো হয়। তারা এলে উদ্ধার গুলি-ম্যাগাজিন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন। 

এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার বলেন, “এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। যে কাগজপত্র পাওয়া গেছে, সেগুলোর ভিত্তিতে আপাতত থানায় জিডি হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”