২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেই পরিবর্তন আমরা দেখছি না: সিরাজগঞ্জে নাহিদ

“দেশে আগে ফ্যাসিবাদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার করতে হবে; এরপর নতুন সংবিধান তৈরি করতে হবে,” বলেন তিনি।

সেই পরিবর্তন আমরা দেখছি না: সিরাজগঞ্জে নাহিদ
সিরাজগঞ্জে পথসভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2025, 11:29 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগেই চব্বিশের গণআন্দোলনে হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্র সংস্কার, জুলাই ঘোষণা পত্র ও নতুন সংবিধান তৈরির দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

‘জুলাই পদযাত্রা’র কর্মসূচির অংশ হিসেবে সোমবার সিরাজগঞ্জে পথসভায় তিনি বলেছেন, “দেশে আগে ফ্যাসিবাদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এরপর নতুন সংবিধান তৈরি করতে হবে। কেননা বর্তমান সংবিধানে বিভাজন তৈরি করা হয়েছে।

“নতুন সংবিধানে সাতচল্লিশ, একাত্তর ও চব্বিশ সালের ইতিহাস থাকতে হবে। তারপরই দেশে নির্বাচন হওয়া উচিত। অন্যথায় আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে।”

নাটোর থেকে সন্ধ্যা পৌনে ৬টার দিকে সিরাজগঞ্জ শহরে পৌঁছে বাজার স্টেশনে পথসভায় বক্তব্য দেন এনসিপির নেতারা।

সেখানে নাহিদ বলেন, “পরিবর্তনের যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা আন্দোলন করেছি, বর্তমানে সেই পরিবর্তন আমরা দেখছি না। জুলাই সনদ নিয়ে তালবাহানা করা হচ্ছে।”

শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সংবাদমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, “এই মিডিয়া এখনও অতীতের মত ফ্যাসিবাদের পক্ষ নিয়ে কাজ করছে। এখনও তারা গণঅভ্যুত্থানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করছে। এজন্য অবশ্যই তাদের বিচারের আওতায় আনতে হবে। তাদের যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে।”

পথসভার কর্মসূচিতে বাধা পাওয়ার কথা তুলে ধরে নাহিদ বলেন, “আমাদের এই পথসভায় লোকজন আসতে একটি পক্ষ বাধা দিয়েছে, ভয়ভীতি দেখিয়েছে। যারা ভয়ের সংস্কৃতি ফিরিয়ে আনছেন, তারা ভুল করছেন।

“পুলিশ, প্রশাসন ও বিচার বিভাগ এখনও নিরপেক্ষ নয়, তারা একটি দলের পক্ষে কাজ করছেন। প্রশাসনের অফিসগুলো ওইসব দলের পার্টির অফিসে রূপান্তরিত হয়েছে।” 

এনসিপির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, “শেখ হাসিনা ভারতের হাত ধরেও টিকে থাকতে পারেনি। নিজেদের মধ্যে হানাহানি বন্ধ করতে হবে। যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছিলেন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা নাহলে আন্দোলন বেহাত হয়ে যাবে।”

পথসভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, যুগ্ম সদস্য সচিব (কোষাধ্যক্ষ) এস এম সাইফ মোস্তাফিজ ও উত্তরাঞ্চলের সংগঠক দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি উপস্থিত ছিলেন।

পথসভার পর নেতারা শহরের প্রধান সড়কে সংক্ষিপ্ত পদযাত্রা শেষে পাবনার উদ্দেশে রওনা হন।