শাকসু: প্রথমদিনে মনোনয়নপত্র সংগ্রহ ৪৬ প্রার্থীর, নেই নারী শিক্ষার্থী
“ডোপটেস্টের নমুনা সংগ্রহ ও রিপোর্ট তৈরিসহ পুরো প্রক্রিয়াতে যেন কোনো অসুবিধা সৃষ্টি না হয়, সে বিবেচনা থেকে দুইদিন সময় বৃদ্ধি করেছি।”
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় হল সংসদ- শাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে ৪৬ জন প্রার্থী তা সংগ্রহ করেছেন। তবে এর মধ্যে ছাত্রী মনোয়নপত্র সংগ্রহ করেননি।
মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আইসিসিটি ভবনের শাকসু নির্বাচন কার্যালয় থেকে প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ করেন বলে জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ।
নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মো. কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথমদিনেই কেন্দ্রীয় সংসদের ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছে। হল সংসদের প্রার্থীদের মধ্যে শাহপরাণ হলে ৮ জন, বিজয়-২৪ হলের ৬ জন ও সৈয়দ মুজতবা আলী হলের ৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।”
মনোয়নপত্র সংগ্রহ করে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোমিনুর রশিদ শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘ আটাশ বছর পর শাকসু হচ্ছে, যা আমাদের জন্য আনন্দের। আমরা প্রশাসন ও নির্বাচন কমিশনের নিকট প্রত্যাশা করি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে। শাকসুর মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা ক্যাম্পাসের স্বার্থে কাজ করবে।”
গত ২৪ নভেম্বর ঘোষিত নির্বাচনের পুনঃতফসিল অনুযায়ী মনোয়নপত্র বিতরণের শেষ তারিখ ৩ ডিসেম্বর এবং জমাদানের শেষ তারিখ ৪ ডিসেম্বর বলা ছিল। কিন্তু প্রার্থীদের ডোপটেস্ট করতে যাতে অসুবিধা না হয় সেজন্য তা বাড়ানো হয়েছে।
শাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ বলেন, “৩ ও ৪ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা মনোনয়ন সংগ্রহ করতে পারবে। আর ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত (জুমার নামাজের বিরতি ব্যতীত) এবং ৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিক্ষার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে।
“ডোপটেস্টের নমুনা সংগ্রহ ও রিপোর্ট তৈরিসহ পুরো প্রক্রিয়াতে যেন কোনো অসুবিধা সৃষ্টি না হয়, সে বিবেচনা থেকে দুইদিন সময় বৃদ্ধি করেছি।”
তবে প্রথমদিন কেন্দ্রীয় সংসদ ও মেয়েদের হল সংসদে নির্বাচনের জন্য কোন নারী শিক্ষার্থী মনোনয়নপত্র নেয়নি বলেও জানান তিনি।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
এদিকে ১ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে শাকসু ওয়েবসাইটে ৯ হাজার ১২৪ জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশন।
এ ভোটার তালিকায় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
এতে ছয়টি আবাসিক হলের অধীন অনাবাসিক শিক্ষার্থীদেরও তালিকাভুক্ত করা হয়েছে।
ছাত্রদের শাহপরান হলে ২ হাজার ২২০, বিজয়-২৪ হলে ২ হাজার ১৫৬, সৈয়দ মুজতবা আলী হলে ১ হাজার ৪২২ জন ভোটার আছেন।
ছাত্রীদের আয়েশা সিদ্দীকা হলে ১ হাজার ৩৪৪, বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলে ১ হাজার ৩০৬ এবং ফাতিমা তুজ জাহরা হলে ৬৭৬ ভোটার আছেন।
আগের সংবাদ
