Published : 23 Nov 2025, 08:18 PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ-শাকসুর নির্বাচনের পূর্বঘোষিত তারিখ ১৭ ডিসেম্বর থেকে পিছিয়ে আগামী ২০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
রোববার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ১১টায় প্রশাসন ভবন-১ এর চতুর্থ তলার সম্মেলন কক্ষে শাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও নির্বাচন কমিশনারদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উন্মুক্ত আলোচনা সভা হয়।
সভায় উপস্থিত সবার সর্বসম্মত প্রস্তাব ও সুপারিশ অনুযায়ী আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের তারিখ পুনর্নিধারণ করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানান হয়।
এ বিষয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীরা আলোচনা করতেছে বেশ কয়দিন যাবৎ, যে ১৭ তারিখ (ডিসেম্বর) সাধারণ শিক্ষার্থীরা থাকবে না- ভোটারবিহীন শাকসু হবে আটাশ বছর পর। এরকম আলাপ থেকে আমরা সবাই আজকে বসছিলাম।
“যাই হোক, সবাই বসে মতামত দিলে যেটা হয় হবে। ওরা সবাই মতামতটা দিছে, সে অনুযায়ী আগামী ২০ জানুয়ারি নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছে।”
তিনি আরও বলেন, “যাতে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটদান করে, অংশগ্রহণ করে, এটাই হল মূল কারণ। শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকল্পে প্রস্তাবিত ডেইটে এ শাকসু নির্বাচন হবে।”