শাবিতে ছাত্র সংসদ নির্বাচন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে
২৮ বছর ধরে শাকসু কার্যত অচল রয়েছে।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-শাকসু নির্বাচন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে।
রোববার বিকালে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, “এখন প্রত্যেক বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে। এরমধ্যে তো নির্বাচন হবে না। পরীক্ষা শেষ করে নির্বাচন সম্ভাব্য নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে গিয়ে গড়াবে।
“শিগগিরই সংবাদ সম্মেলন করে সিন্ডিকেট সভার আগে শাকসু নির্বাচনের বিষয়ে পূর্ণাঙ্গ রোডম্যাপ উপস্থাপন করা হবে।”
পূজার বন্ধের আগে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় শাকসু সংবিধানের প্রবিধি সংশোধনীগুলো তুলে ধরা হবে বলে জানান তিনি।
সর্বশেষ শাকসু নির্বাচন ১৯৯৭ সালে হয়েছিল। এর আগে ১৯৯৩ সাল থেকে তিনবার নির্বাচন হয়। ২৮ বছর ধরে শাকসু কার্যত অচল রয়েছে।
