২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে নিখোঁজ শিশুর লাশ মিলল বাড়ির পাশে

তার গলায় ও মুখে আঁচড় এবং হাতে রক্তের দাগ দেখা গেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2025, 04:28 PM

Updated : 26 Aug 2026, 11:33 AM

কক্সবাজারে নিখোঁজের ৮ ঘণ্টা পর দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, শহরের কলাতলী ১২ নম্বর ওয়ার্ডের ডিসির পাহাড় এলাকা থেকে মঙ্গলবার রাত ১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ৭ বছর বয়সী আল মুহাম্মুদ হক আহাদ ওই এলাকার আনোয়ারুল হকের ছেলে এবং স্থানীয় সৈকত কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। তাদের বাড়ি কক্সবাজার শহরের খুরুশকুল মনু পাড়ায়।

বুধবার কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের পর তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আহাদের বাবা আনোয়ারুল বলেন, মঙ্গলবার বিকালে বন্ধুর সঙ্গে খেলতে বের হয় তার ছেলে। এক পর্যায়ে দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি চকলেটের লোভ দেখিয়ে আহাদ ও তার বন্ধুকে টেনে গাড়িতে তুলতে চায়। এ সময় ছেলের বন্ধু দৌড়ে পালিয়ে যায়। আহাদ বাড়ি না ফেরায় সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে এলাকায় খোঁজাখুঁজি করা হয়। না পেয়ে পরে থানায় খবর দেওয়া হয়।

“পুলিশকে জানানোর প্রায় দেড় ঘণ্টা পর রাত ১টার দিকে আহাদের মরদেহ পাওয়া যায় বাড়ির পাশেই একটি খালি প্লটের ভেতর। প্রতিবেশীরা তার লাশ দেখতে পেয়ে আমাকে খবর দেয়।”

আহাদের চাচা মো. হানিফ বলেন, “আহাদকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসকরা জানান যে, হাসপাতালে আনার ৩ ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে।”

আহাদের গলায় ও মুখে আঁচড় এবং হাতে রক্তের দাগ দেখা গেছে বলে তার চাচাত ভাই মো. সাইফুল জানান।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হলে বাকি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি ইলিয়াস খান জানিয়েছেন।