২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাকের সঙ্গে ধাক্কায় বাইক আরোহী ঠিকাদারসহ নিহত ২

নিহত ঠিকাদারের স্ত্রী জানান, ঠিকাদারী কাজ তদারকি করতে সকালে বাসা থেকে বের হন তার স্বামী।

গাজীপুরে ট্রাকের সঙ্গে ধাক্কায় বাইক আরোহী ঠিকাদারসহ নিহত ২
প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2024, 06:26 PM

Updated : 26 Aug 2026, 11:10 AM

গাজীপুরের শ্রীপুরে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাইক আরোহী ঠিকাদারসহ দুজন নিহত হয়েছেন।

শনিবার দুপুরে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কাওরান বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে মাওনা ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ কুদ্দুস মৃধা জানান।

নিহতদের একজন শফিকুল ইসলাম (৪৫) শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার কাংশা গ্রামের গোলাপ হোসেনের ছেলে। তিনি পেশায় ঠিকাদার। 

পরিবার নিয়ে তিনি গাজীপুরের জয়দেবপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। অন্যজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শফিকুলের স্ত্রী শিরিনা আক্তার বলেন, সকালে কালিয়াকৈরের ফুলবাড়িয়া এলাকায় একটি মাদ্রাসার সাইড পরিদর্শনের জন্য জয়দেবপুরের বাসা থেকে বের হয়েছিলেন তার স্বামী। সেখানে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই কুদ্দুস মৃধা বলেন, দুপুর দেড়টার দিকে ওই পথে মাওনা থেকে একটি ট্রাক কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। 

তখন শফিকুল ইসলামের বাইকটি পাশ কাটিয়ে যাওয়ার সময় ট্রাকের পাশে ধাক্কা লাগে। এতে দুজন রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।