২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিএনপির ‘দিন বদলের’ লড়াই, ‘ফিরতে’ চায় জামায়াত

সীমান্তবর্তী এই জেলায় জামায়াতের অবস্থান আশপাশের যেকোনো জেলার তুলনায় অনেক শক্তিশালী।

সাতক্ষীরায় বিএনপির ‘দিন বদলের’ লড়াই, ‘ফিরতে’ চায় জামায়াত
সাতক্ষীরায় নির্বাচনি সমাবেশ।

শরীফুল্লাহ কায়সার সুমন

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2026, 01:45 AM

Updated : 26 Aug 2026, 02:51 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামী মিত্র থেকে পরষ্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে। আওয়ামী লীগ কিংবা তার মিত্র ওয়ার্কার্স পার্টি মাঠে না থাকায় জামায়াত চাইছে নব্বইয়ের স্মৃতি ফেরাতে। বিএনপি চায় ভোটের ‘জোয়ারে’ জয় তুলে নিতে।

ভোটার ও পর্যবেক্ষকরা বলছেন, সাতক্ষীরার চারটি আসনের মধ্যে বিএনপি যদি কোনো পরিবর্তন আনতে পারে সেটি হবে কেবল তাদের ঐক্যবদ্ধ থাকার ফল। আর জামায়াতের যদি ‘প্রত্যাবর্তন’ হয় তবে সেটি হবে বিএনপির ‘অনৈক্যের’ কারণেই।

পঞ্চম সংসদ নির্বাচনে সাতক্ষীরায় তখনকার পাঁচ আসনে জামায়াত একক প্রার্থী দিয়ে জয় পেয়েছিল চার আসনে। কিন্তু সপ্তম সংসদে মাত্র একটি আসনে জয় পায়। অষ্টম সংসদে বিএনপির সঙ্গে জোট বেঁধে তিনটি আসন জিতেছিল তারা। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে সাতক্ষীরায় আসন কমে চারটি হয়, যেখানে জামায়াত আর জায়গায়ই পায়নি।

তবে সীমান্তবর্তী এই জেলায় জামায়াতের অবস্থান আশপাশের যেকোনো জেলার তুলনায় অনেক শক্তিশালী।

আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা ওয়ার্কার্স পার্টি কখনও কখনও এখানে জয় পেয়েছে। কিন্তু তাদেরকেও মূলত লড়তে হয়েছে জামায়াতের সঙ্গেই। 

২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জেলার রাজনীতির সমীকরণ পরিবর্তিত হয়েছে, যেখানে জেলা জামায়াতের নেতারা মনে করছেন, চারটি আসনেই তাদের প্রার্থীরা জয়লাভ করবেন। আর বিএনপি নেতারা বলছেন, সারাদেশে তাদের যে জোয়ার, তার বাইরে থাকবে না সাতক্ষীরাও।

সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে মোট ২০ জন প্রার্থী করছে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, ইসলামী আন্দোলন, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ কংগ্রেস, বিএমজেপির প্রার্থীর সঙ্গে আছেন বিএনপির ‘বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থীও। 

নাগরিক নেতা ও ব্যবসায়ী আসাদুজ্জামান বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচনে হয়ত দুটি আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। বাকি দুটিতে ত্রিমুখী লড়াই হবে।”

সাতক্ষীরা-৩ এর জামাতের প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী গণসংযোগ।

সাতক্ষীরা-৩ এর জামাতের প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী গণসংযোগ।

হাবিবের ‘জনপ্রিয়তা’ বনাম ইজ্জতের ‘ভোট ব্যাংক’

তালা ও কলারোয়া উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরা-১ আসনে বিএনপি সাংগঠনিকভাবে বেশ শক্তিশালী। সাবেক সংসদ সদস্য বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব এবার এখানে প্রার্থী হয়েছেন। এখানে দলের কোনো ‘বিদ্রোহী’ প্রার্থীও নেই। ২০০১ সালে হাবিব যখন বিজয়ী হয়েছিলেন তখন তিনি এ আসনের ইতিহাসে সর্বোচ্চ সাড়ে ৫৩ শতাংশ ভোট পেয়েছিলেন।   

এখানে ১৯৯১ সালে জামায়াতের আনসার আলী বিজয়ী হয়েছিলেন। তিনি ৩৯ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। সে সময় বিএনপি ১৯ শতাংশের কিছু বেশি ভোট পেয়ে তৃতীয় অবস্থানে ছিল।

এরপর জামায়াত এখানে জয় না পেলেও তার সাংগঠনিক শক্তির কখনও ঘাটতি ঘটেনি। সেই শক্তিশালী পাটাতনের উপর দীর্ঘসময় পর আবার এখানে দাঁড়িপাল্লার প্রার্থী হয়েছেন ইজ্জত উল্লাহ। 

সাতক্ষীরার-১ আসনে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের নির্বাচনি গণসংযোগ।

সাতক্ষীরার-১ আসনে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের নির্বাচনি গণসংযোগ।

ভোটাররা এক বাক্যে মানছেন, হাবিব ও ইজ্জতউল্লাহ মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ভোট সুষ্ঠু হলে যে কেউ এখানে জয়ী হতে পারেন। খুব অল্প ভোটের ব্যবধানে হয়ত এখানে জয়-পরাজয় নির্ধারিত হবে।

এ ছাড়া এখানে জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও বাংলাদেশ কংগ্রেস ভোট করছে। 

সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাভোগ করেন। ২০২৪ এর পর মুক্তি পান তিনি। ‘নির্যাতিত’ নেতা হিসেবে এলাকায় তার ‘জনপ্রিয়তা’ রয়েছে বলে দাবি করেছেন তার কর্মী-সমর্থকরা। 

সাতক্ষীরা-১ আসনে জামায়াতের প্রার্থী ইজ্জত উল্লাহর নির্বাচনি গণসংযোগ।

সাতক্ষীরা-১ আসনে জামায়াতের প্রার্থী ইজ্জত উল্লাহর নির্বাচনি গণসংযোগ।

অন্যদিকে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ইজ্জত উল্লাহ নিরন্তর কাজ করেছেন এবং সাংগঠনিক শক্তির কারণে তারও আলাদা ‘ভোট ব্যাংক’ রয়েছে বলে ধারণা ভোটারদের। 

এখানে আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টির ভোটও রয়েছে। ১৯৯৬ সালে এখানে আওয়ামী লীগ ৩৫ শতাংশ ভোট নিয়ে জয়ী হয়। জামায়াত ২৩ শতাংশের বেশি ভোট পেয়ে দ্বিতীয় এবং বিএনপি ১৮ শতাংশ ভোট নিয়ে চতুর্থ হয়। 

২০০৮ সালে এখানে সংসদ সদস্য হন আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান। আর ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ টানা সাংসদ ছিলেন। তালায় ওয়ার্কার্স পার্টির রয়েছে শক্ত অবস্থান। 

এই আসনে মোট ভোটার চার লাখ ৯৬ হাজার ৮৪৮; এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪৭ হাজার ৮৭৩ এবং নারী ভোটার দুই লাখ ৪৮ হাজার ৯৭৩। হিজড়া ভোট রয়েছে দুটি। 

সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের নির্বাচনি সভা।

সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের নির্বাচনি সভা।

দুজনকে সামলাতে হবে জামায়াতকে

সদর ও দেবহাটা নিয়ে গঠিত সাতক্ষীরা-২ আসনটি মূলত জামায়াতের আসন হিসেবে পরিচিত। তবে এবার এখানে দলের প্রার্থীর জয়লাভ করা সহজ হবে না, লড়াই ত্রিমুখী। 

বিএনপির প্রার্থী আব্দুর রউফ ও সর্বশেষ এমপি জাতীয় পার্টির আশরাফুজ্জামান আশুর চ্যালেঞ্জের মুখে পড়তে হবে জামায়াতের মুহাম্মদ আব্দুল খালেককে।

এখানে বাংলাদেশ জাসদ ও ইসলামী আন্দোলন নিয়ে মোট প্রার্থী পাঁচজন।

এই আসনে বিএনপির প্রার্থী ঘোষণার পর ‘মনোনয়নবঞ্চিত’ নেতাদের সমর্থকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও লিখিত আবেদন ঘিরে উত্তেজনা তৈরি হলেও শেষ পর্যন্ত কেউ ‘বিদ্রোহ’ করেননি।

সাতক্ষীরা-২ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল খালেকের নির্বাচনি গণসংযোগ।

সাতক্ষীরা-২ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল খালেকের নির্বাচনি গণসংযোগ।

অতীতে ১৯৯১ ও ১৯৯৬ সালে জামায়াতের কাজী শামসুর রহমান এ এলাকা থেকে সংসদ সদস্য হন। ২০০১ সালে চারদলীয় জোট থেকে নির্বাচিত হন দলের আব্দুল খালেক মণ্ডল। 

২০০৮ সালে মহাজোটের সমর্থনে জাতীয় পার্টির এম এ জব্বার জয়ী হন। ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা দশ বছর আওয়ামী লীগের মীর মোস্তাক আহমেদ রবি এই আসনের এমপি ছিলেন। ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে তাকে হারিয়ে জাতীয় পার্টির মো. আশরাফুজ্জামান আশু বিজয়ী হন। 

স্থানীয়দের মতে, বর্তমানে পাল্লা কিছুটা জামায়াতের দিকে ভারী হলেও বিএনপি ও জাতীয় পার্টির কারণে এখানে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা আছে।

সাতক্ষীরা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের নির্বাচনি গণসংযোগ।

সাতক্ষীরা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের নির্বাচনি গণসংযোগ।

বিএনপির দ্বন্দ্বে, জামায়াতের ‘সুবিধা’

বারবার এলাকা পরিবর্তন হয়ে এবার কালিগঞ্জের সঙ্গে মিশেছে আশাশুনি। আর সাতক্ষীরার এ আসনটি বিএনপির বলে পরিচিত হলেও এখানে রয়েছে ‘বিদ্রোহী’ প্রার্থী শহিদুল আলম। তিনি ফুটবল প্রতীকে লড়ছেন। 

বিএনপির প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দিনের ‘গলার কাঁটা’ হয়েছে দাঁড়িয়েছেন শহিদুল আলম। আর এটাই সুযোগ করে দিচ্ছে দেবহাটার বাসিন্দা ও জামায়াতের সাতক্ষীরা জেলা শাখার সাবেক আমির রবিউল বাশারকে।

স্থানীয়রা বলছেন, ‘বিদ্রোহী’ই মূলত বিএনপির সম্ভাবনার আসনকে প্রতিযোগিতার মধ্যে ফেলে দিয়েছে। যার ফলে সাতক্ষীরা-৩ আসনে এবার ত্রিমুখী লড়াই হবে বলে ভোটাররা মনে করছেন। এখানে মোট প্রার্থী ছয়জন।

এরই মধ্যে জাতীয়তাবাদী চিকিৎসক দলের কেন্দ্রীয় নেতা শহিদুল আলমকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু স্থানীয় নেতাকর্মীদের বড় অংশ তার পক্ষে অবস্থান নেওয়ায় বিএনপির ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে; যা জামায়াতের জন্য সুবিধাজনক বলে মনে করছেন তৃণমূলের কর্মীরা।

সাতক্ষীরা-৩ আসনে পাঁচ লাখ ২ হাজার ২২২ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৫৩ হাজার ৯৮৪ জন এবং নারী ভোটার দুই লাখ ৪৮ হাজার ৩৩৫। এখানে হিজড়া ভোটার রয়েছে তিনজন।  

সাতক্ষীরা-৪ আসনে বিএনপি প্রার্থী ড. মনিরুজ্জামানের নির্বাচনি সভা।

সাতক্ষীরা-৪ আসনে বিএনপি প্রার্থী ড. মনিরুজ্জামানের নির্বাচনি সভা।

‘পরিবর্তন আর প্রত্যাবর্তনের’ লড়াই 

শ্যামনগর উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরা-৪ আসনটি জোটবদ্ধ রাজনীতির কারণে বরাবরই জামায়াতে ইসলামীকে ছেড়ে দিত বিএনপি। এবার নিজেদের প্রার্থী পেয়ে উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা।

জামায়াতের প্রবীণ নেতা ও সাবেক এমপি গাজী নজরুল ইসলামকে চ্যালেঞ্জ নিতে হচ্ছে তরুণ বিএনপি নেতা মনিরুজ্জামানের। 

ঐক্যবদ্ধ থাকলে বিএনপি এখানে পরিবর্তন নিয়ে আসতে পারে বলে মনে করছে অনেকেই। বিএনপি ও জামায়াতের ‘পরিবর্তন’ আর ‘প্রত্যাবর্তনের’ লড়াইয়ে মাঠে আছেন মোট চার প্রার্থী।

দুইবারের এমপি নজরুল ইসলামের নিজস্ব ‘ভোট ব্যাংক’ থাকায় এই আসনে জামায়াত শক্ত অবস্থানে আছে বলে মনে করা হচ্ছে।

বিএনপি দীর্ঘদিন এখানে সংগঠন গুছিয়ে তুললেও শেষ মুহূর্তে তরুণ মুখ মনোনয়ন দেওয়ায় দলটি কিছুটা চাঙ্গা রয়েছে। পাশাপাশি ‘বিদ্রোহী’রা বিএনপির ঐক্যের কাতারে প্রবেশ করায় তাদের ভোটাররা এখানে অনেক তৎপর। 

তাই এখানে বিএনপি-জামায়াতের প্রার্থী সমান সমান ভোট যুদ্ধের ময়দানে নেমেছেন। 

সাতক্ষীরা-৪ আসনে মোট ভোটার দুই লাখ ৯৮ হাজার ৫০; এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫০ হাজার ২৬ এবং নারী ভোটার এক লাখ ৪৮ হাজার ২০। হিজড়া ভোটার রয়েছে চারজন। 

সাতক্ষীরা-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী গাজী নজরুল ইসলামের নির্বাচনি সভা।

সাতক্ষীরা-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী গাজী নজরুল ইসলামের নির্বাচনি সভা।

যা বলছেন নেতারা

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ বলেন, “বিএনপির প্রতিযোগিতা হবে মূলত জামায়াতে ইসলামীর সঙ্গে। তবে চারটি আসনেই বিএনপির অবস্থান সুসংহত। 

“সাতক্ষীরায় থানা লুট হয়েছিল। অস্ত্র রয়েছে বাইরে। নিরাপদে নির্বিঘ্নে নির্বাচন হওয়া নিয়ে সংশয় রয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন হলে চারটি বিএনপির সিট হবে।” 

‘বিদ্রোহী’ নিয়ে কোনো সমস্যা নেই দাবি করেন বিএনপির এই নেতা। দুটি আসনে ত্রিমুখী নির্বাচনের সম্ভাবনাও উড়িয়ে দেন তিনি।

জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি আজিজুর রহমান বলেন, তারা চারটি আসনে বিজয়ের ‘পূর্ণ সম্ভাবনা’ দেখছেন। নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়েও তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

জাতীয় পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আশরাফুজ্জামান আশু বলেন, সদরে তিনি নির্বাচিত হয়েছিলেন। ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হলে ফের তিনিই নির্বাচিত হবেন।