Published : 17 Jul 2026, 08:08 PM
মেহেরপুরের গাংনী সাব-রেজিস্ট্রি কার্যালয়ের এক কর্মচারীকে মারধরের অভিযোগে বিএনপি নেতাসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার গাংনী থানায় সাব-রেজিস্ট্রি কার্যালয়ের অফিস সহকারী আবুল কালাম আজাদ মামলাটি করেন বলে জানায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই তারেক নাহিয়ান।
মামলার আসামিরা হলেন- গাংনী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিশিরপাড়ার বাসিন্দা ইমন হোসেন, মো. গাফফার, মো. ইয়ামিন, মো. বশির, জামিরুল, সোলায়মান ও শামীম।
মামলার বাদী আবুল কালাম আজাদ বলেন, বুধবার রাত ৮টার দিকে গাংনী হাসপাতাল বাজার এলাকায় তার ওপর হামলা করা হয়। পরে তিনি থানায় গিয়ে মামলা করেন।
হামলার পর গাংনী সাব-রেজিস্ট্রি কার্যালয়ের কার্যক্রম বন্ধ রয়েছে। এতে জমি কেনাবেচা, দলিল নিবন্ধনসহ বিভিন্ন কাজে আসা মানুষ ভোগান্তিতে পড়েছেন।
গাংনী সাব-রেজিস্ট্রার মাহফুজ রানা বলেন, কর্মচারীকে লাঞ্ছিত করার ঘটনায় জেলা রেজিস্ট্রারের নির্দেশে কার্যালয়ের কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে।
তিনি বলেন, কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তা তদন্ত ও বিভাগীয় ব্যবস্থার মাধ্যমে সমাধানের ব্যবস্থা রয়েছে। কিন্তু কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে সরকারি কর্মচারীকে লাঞ্ছিত করতে পারেন না।
অভিযোগের বিষয়ে ইমন হোসেন বলেন, আবুল কালাম আজাদের বিরুদ্ধে সরকারি ফি’র বাইরে অতিরিক্ত ২০০ টাকা নেওয়ার অভিযোগ ওঠে। এ কারণে কয়েকজন তাকে আটকে রাখেন।
তবে আবুল কালাম আজাদের দাবি, তাকে মারধর করার পাশাপাশি অপহরণের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই তারেক নাহিয়ান বলেন, মামলাটি তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হবে।