২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফ্যাসিস্টের’ দোসর অভিযোগে বাকৃবির শিক্ষক-শিক্ষার্থীসহ ১৫৪ জনকে শাস্তি

শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ৫৯ জন শিক্ষক, ৪৯ শিক্ষার্থী, ২৫ কর্মকর্তা এবং ২১ জন কর্মচারীর বিরুদ্ধে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2025, 08:57 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

‘ফ্যাসিস্টের’ দোসর অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫৯ জন শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

গত বছরের অগাস্টে শান্তি মিছিলে যোগদান এবং নিরীহ শিক্ষক-শিক্ষার্থীদের ওপর জুলুম ও নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৩২৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া।

সোমবার বিকাল ৪টার দিকে তিনি বলেন, “তদন্ত কমিটি বিভিন্ন আলোচনা, সাক্ষাৎকার, তথ্যের ভিত্তিতে শাস্তি সুপারিশ করেছে এবং সেগুলোকে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সিন্ডিকেট সভায় অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৮ মে সিন্ডিকেট সভায় এই শাস্তি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তী সভায় পরিসমর্থন হয়েছে। 

“এর মধ্যে তিনজন শিক্ষক হাইকোর্টে রিট করেছিলেন যে তদন্ত কমিটি বৈধ নয়। সে রিট গতকাল (রোববার) খারিজ হয়েছে। তাই আজকে (সোমবার) থেকে তাদের শাস্তি সংক্রান্ত কাগজ বিলি হচ্ছে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে গত বছরের ৪ অগাস্ট ‘শেখ হাসিনাতেই আস্থা’ নামে শান্তি মিছিলে যোগদান এবং বিশ্ববিদ্যালয়ের নিরীহ শিক্ষক-শিক্ষার্থীদের ওপর জুলুম ও নির্যাতনের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ৫৭ জন শিক্ষক, ২৪ জন কর্মকর্তা, ২১ জন কর্মচারী এবং ৩১ শিক্ষার্থীর বিরুদ্ধে।

শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শিক্ষকদের মধ্যে ছয়জনকে বরখাস্ত, ১২ জনকে অপসারণ, আটজনকে নিম্ন পদে অবনমন এবং ৩১ জনকে তিরস্কার করা হয়েছে। 

কর্মকর্তাদের মধ্যে আটজনকে বরখাস্ত, আটজনকে অপসারণ, সাতজনকে তিরস্কার এবং একজনকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। কর্মচারীদের মধ্যে দুই জনকে বরখাস্ত এবং ১৯ জনকে তিরস্কার করা হয়েছে। 

এছাড়া শিক্ষার্থীদের মধ্যে আজীবন বহিষ্কার করা হয়েছে সাতজনকে এবং সনদপত্র বাতিল করা হয়েছে ২৪ জনের।

পাশাপাশি ২০২২ সালের ২৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হলে বিকাল ৫টা থেকে মধ্যরাত পর্যন্ত চারজন শিক্ষার্থীকে ছাত্রদল ও শিবির ট্যাগ দিয়ে শারীরিক নির্যাতনের ঘটনায় আরও ২১ জনের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে প্রশাসন। 

এর মধ্যে দুইজন শিক্ষককে (একজনকে নিম্নপদে অবনমন এবং অন্যজনের পদোন্নতি, বেতন বৃদ্ধি স্থগিত),  ১৮ জন শিক্ষার্থী (১৫ জনের সনদপত্র বাতিল এবং তিনজনকে আজীবন বহিষ্কার) এবং একজন কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণের শাস্তি প্রদান করা হয়েছে।