২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে দুই কিশোরীসহ ৩ জনের লাশ উদ্ধার

পুলিশ বলছে, দুই কিশোরী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে আরেক নারীর বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

মানিকগঞ্জে দুই কিশোরীসহ ৩ জনের লাশ উদ্ধার
মানিকগঞ্জ থানা।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2025, 11:34 PM

Updated : 26 Aug 2026, 12:19 PM

মানিকগঞ্জের দুই উপজেলা থেকে দুই কিশোরীসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে সদর উপজেলার গড়পাড়া ও পশ্চিম শানবান্দা থেকে দুজনের এবং বিকালে সাটুরিয়া উপজেলা থেকে আরও একজনের লাশ উদ্ধারের কথা বলছে পুলিশ।

তারা হলেন- গড়পাড়া ইউনিয়নের মো. রফিক মিয়ার মেয়ে এসএসসি পরীক্ষার্থী তনিমা আক্তার (১৬), সাটুরিয়া উপজেলার বরুন্ডী-কান্দাপাড়া এলাকার আহাদ আলীর মেয়ে আফসানা আক্তার (১৬)। এ দুজন আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা। নিহত আরেক নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন বলেন, গড়পাড়া ইউনিয়নের রানাদিয়া গ্রাম থেকে তনিমার লাশ, সদর উপজেলার পশ্চিম শানবান্দা এলাকার কালীগঙ্গা নদী থেকে এক নারীর লাশ ও বরুন্ডী-কান্দাপাড়া এলাকা থেকে আফসানার লাশ উদ্ধার করা হয়।

লাশগুলো মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।