মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা, আটক ৩
ফলাফল ঘোষণার পর ক্ষিপ্ত হয়ে স্কুলের বারান্দায় সুমনকে গুলি করে হত্যা করে তার বন্ধু।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন হালদারকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুর দেড়টার দিকে ইউনিয়নের পাঁচগাঁও ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা সোয়েব আলী জানান।
ওসি বলেন, “সকালে বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি পদে নির্বাচন ছিল। নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পর ক্ষিপ্ত হয়ে স্কুলের বারান্দায় ইউপি চেয়ারম্যান সুমনকে গুলি করে হত্যা করে তার বন্ধু নূর মোহাম্মদ ভোলা।"
তিনি বলেন,“এই নির্বাচনে নূর মোহাম্মদের চাচাত ভাই মিলেনুর রহমান অংশ নিয়ে মাত্র দুটি ভোট পায়।
“প্রতিপক্ষ দেওয়ান মো. মনিরুজ্জামন পায় নয় ভোট। সুমন মনিরুজ্জামনের পক্ষ নেওয়ায় তার বাল্যবন্ধু নূর মোহাম্মদ তাকে কাছ থেকে গুলি করে হত্যা করে।”
পরে তার লাশ উদ্ধার করে টঙ্গীবাড়ি উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ঘটনার পরপরই নূর মোহাম্মদ পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি মোল্লা সোয়েব আলী জানান।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে কাওসার হালদার, পরাজিত মিলেনুরের ভাই শেখেনুর ও নূর মোহাম্মদ ভোলার ভাই নুর হোসেনকে আটক করেছে পুলিশ।
