২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাব্য সংকট: কাজীরহাট-আরিচা নৌপথে তিন দিন ফেরি চলাচল বন্ধ

শুক্রবার রাত থেকে ফেরি চলাচল বন্ধ হওয়ায় ঘাটের উভয় দিকে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2024, 07:59 PM

Updated : 26 Aug 2026, 10:53 AM

নাব্য সংকটের কারণে পাবনার বেড়ায় কাজীরহাট থেকে আরিচা নৌপথে তিন দিন ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ।

এতে ঘাটের উভয় প্রান্তে পারাপারের অপেক্ষায় আটকে আছে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক।

বিআইডব্লিউটিসির কাজীরহাট ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক ফখরুজ্জামান বলেন, শুক্রবার রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে; যা আগামী তিন দিন পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে ২ নভেম্বর রাত ৯টার দিকে নাব্য সংকটের কারণে কাজিরহাট-আরিচা নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পরে সাড়ে ৩৮ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়।

ট্রাকচালক আলী হোসেন বলেন, “কাজীরহাট-আরিচা নৌপথে মাঝে মধ্যেই ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে আমাদের ভোগান্তি বাড়ে। ঘুরে যেতেও পারি না, আবার দুই-তিন দিন দেরি করাও সময়ের ব্যাপার; যা বেশ কষ্টকর।”

আরেক চালক মাসুদ রানা জানান, দুই ফেরিঘাটেই একই অবস্থা। শুক্রবার সন্ধ্যায় ঘাটে আসেন তিনি। আর রাত ১১টার দিকে ফেরি বন্ধ যায়। ঘাটে আটকে পড়ায় খাবার ও পানির সংকট দেখা দিয়েছে।

বিআইডব্লিউটিসির কর্মকর্তা ফখরুজ্জামান জানান, নাব্য সংকটের কারণে নদীর বিভিন্ন অংশে পানি কমে গেছে। শনিবার তিন দিনের জন্য কাজিরহাট-আরিচা নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ের মধ্যে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

জরুরি পণ্যবাহী ট্রাক চালকদের অন্য পথে দিয়ে গন্তব্যে যাওয়ার কথা পরামর্শ দিয়েছেন তিনি।

আরও পড়ুন

আবারও আরিচা-কাজিরহাট রুটে ফেরি বন্ধ, ট্রাকের দীর্ঘ সারি

নাব্য সংকট: আরিচা-কাজিরহাটে ৩৭ ঘণ্টা পর ফেরি চালু 

আবারও আরিচা-কাজিরহাট রুটে ফেরি বন্ধ, ট্রাকের দীর্ঘ সারি