১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নাব্য সংকট: আরিচা-কাজিরহাটে ৩৭ ঘণ্টা পর ফেরি চালু

ডুবচরের কারণে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ করা হয়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2024, 03:28 PM

Updated : 26 Aug 2026, 10:50 AM

নাব্য সংকটে দীর্ঘ ৩৭ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ফেরি চলাচলের অনুমতি দেয়।

এরপর ‘ধানসিড়ি’ নামের একটি ফেরি পরীক্ষামূলকভাবে কাজির হাটের উদ্দেশ্যে রওনা হয় বলে বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ম্যানেজার আবু আব্দুল্লাহ জানান।

এর আগে নাব্য সংকটের কারণে শুক্রবার রাত ১০টা থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

ম্যানেজার আবু আব্দুল্লাহ বলেন, “যমুনা নদীর মধ্যে আরিচা চ্যানেলে বেশ কয়েকটি স্থানে ডুবচরের সৃষ্টি হয়। চরের কারণে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ করা হয়। এরপর সেখানে ড্রেজিং কার্যক্রম চালায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। তারা কাজ শেষে ফেরি চলাচলের অনুমতি দেয়।”

আরিচা-কাজিরহাট নৌপথে ছোট-বড় মোট চারটি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। সিরিয়াল অনুযায়ী ট্রাক পারাপার করা হবে বলে জানান এই কর্মকর্তা।