২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে শিশু আরাফাত হত্যা মামলায় যুবকের ফাঁসির রায়

২০২০ সালের ১৫ ডিসেম্বর শিশুটিকে অপহরণের পর হত্যা করে লাশ পানিতে ফেলে দেওয়া হয়।

নারায়ণগঞ্জে শিশু আরাফাত হত্যা মামলায় যুবকের ফাঁসির রায়
শিশু আরাফাত হোসেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 10:12 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ১১ বছর বয়সী এক শিশুকে হত্যার দায়ে যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। তবে মামলা থেকে খালাস পেয়েছেন এক আসামি।

মঙ্গলবার নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবুল কালাম আজাদ জাকির।

দণ্ড পাওয়া ৩২ বছর বয়সী মো. রিপন উপজেলার লাউসার গ্রামের মো. ইসলামের ছেলে। খালাস পাওয়া যুবকের নাম রাব্বি। 

পিপি আবুল কালাম আজাদ বলেন, শিশু আরাফাত হোসেন লাউসার গ্রামের রফিকুল ইসলাম মনার ছেলে। সে স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। দণ্ড পাওয়া রিপন তাদের প্রতিবেশী।

২০২০ সালের ১৫ ডিসেম্বর রাতে নিখোঁজ হয় আরাফাত। তিন দিন পর স্থানীয় একটি মসজিদের পাশের পুকুর থেকে উদ্ধার হয় তার মরদেহ।

এ ঘটনায় আরাফাতের বাবা থানায় অজ্ঞাত পরিচয়দের আসামি করে হত্যা মামলা করলেও তদন্তে রিপনের সম্পৃক্ততা পায় পুলিশ। পরে তাকে গ্রেপ্তার করা হয়। 

১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আরাফাতের বাবা ও ভাইয়ের সঙ্গে দ্বন্দ্বের জেরে তাকে অপহরণের পর হত্যা করে লাশ পানিতে ফেলে দেওয়ার কথা আদালতে স্বীকার করেন বলে জানান পিপি আবুল কালাম।

সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।