১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিলেটে হামের লক্ষণ নিয়ে তরুণী ও শিশুর মৃত্যু

এ নিয়ে বিভাগে হাম বা হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫ জনে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2026, 05:12 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক তরুণী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম বা হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫ জনে।

শনিবার সকাল থেকে রোববার সকালের মধ্যে সিলেট ও হবিগঞ্জের দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।

মারা যাওয়া তিন বছর চার মাস বয়সি শিশু মো. এহসানুল হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আব্দুল আউয়ালের ছেলে; শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। 

একই জেলার বানিয়াচং উপজেলার নেপাল পালের মেয়ে ১৮ বছর বয়সি বর্ণা রানী হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

এদিকে হাম পরিস্থিতি নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৭১ রোগী চিকিৎসাধীন রয়েছেন। আগের ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৯১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিলেটে এখন পর্যন্ত প্রাণ হারানোদের মধ্যে ছয়জনের ল্যাবরেটরি পরীক্ষায় হামে শনাক্ত হয়েছিল। বাকী ১১৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৮২৭ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে।