২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালীতে ঘরে ঢুকে নারীকে গুলি করে হত্যা

“অজ্ঞাত পরিচয় একদল ব্যক্তি ঘরে প্রবেশ করে ওই নারীকে কয়েকটি গুলি করে।”

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2024, 03:17 PM

Updated : 26 Aug 2026, 10:49 AM

কক্সবাজারের মহেশখালী উপজেলায় ঘরে ঢুকে এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার রাত ২টার পর উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নুনাছড়ির ফকিরারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে মহেশখালী থানার ওসি কায়সার হামিদ জানান।  

নিহত ফরিদা ইয়াসিন সৈয়দা (৩০) ওই এলাকার মৃত ছৈয়দ আহমেদের মেয়ে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

স্থানীয়দের বরাতে ওসি কায়সার হামিদ বলেন, “অজ্ঞাত পরিচয় একদল ব্যক্তি ঘরে প্রবেশ করে ওই নারীকে কয়েকটি গুলি করে হত্যা করে। এ সময় গোলাগুলির খবর শুনে স্থানীয়রা গেলে হত্যাকারীরা পালিয়ে যায়।” 

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ এক নারীর মরদেহ উদ্ধার করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, “ওই নারীকে কারা, কি কারণে গুলি করে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।”