বরগুনায় যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যায় মৃত্যুদণ্ড
২০০৩ সালের ৩০ সেপ্টেম্বর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বরগুনায় যৌতুকের টাকা দিতে না পারায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ বেগম লায়লাতুল ফেরদৌস আসামির অনুপস্থিততে এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী রনজুয়ারা সিপু জানান।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. কামাল হোসেন (৪৫) বামনা উপজেলার উত্তর কাকচিড়া গ্রামের আবদুল আজিজ হাওলাদারের ছেলে।
মামলার বরাতে আইনজীবী বলেন, কামাল হোসেন ১৯৯৮ সালের দিকে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার জাহানারা বেগমকে বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তান আছে। ২০০৩ সালের দিকে জাহানারার কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন স্বামীর পরিবার। তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন।
ওই বছরের ৩০ সেপ্টেম্বর যৌতুকের টাকা দিতে না পারায় কামাল তার স্ত্রীর পেটে লাথি মারেন এবং পিটিয়ে জখম করেন। মুমূর্ষু অবস্থায় জাহানারাকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওই বছরের ২২ অক্টোবর জাহানারার বাবা মোসলেম উদ্দিন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।
আইনজীবী রনজুয়ারা সিপু বলেন, আদালত ২৩ বছর পর এই মামলার রায় দিয়েছে। মামলায় নয়জন সাক্ষ্য দিয়েছেন। মামলার চলাকালে আসামি পক্ষের আইনজীবীও মারা গেছেন।
