২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আধিপত্য বিস্তার: শৈলকুপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

উভয় পক্ষের ১০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2026, 04:19 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার সকালে উপজেলার বিষ্ণুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানিয়েছেন।

ওসি হুমায়ুন কবির বলেন, “আধিপত্য বিস্তার নিয়ে জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদ চৌধুরী ও শৈলকূপা উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার সাদাতের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। দুদিন আগে বিষ্ণুদিয়া গ্রামে মসজিদের জমির সীমানা নির্ধারণ নিয়ে দুই নেতার সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

“এরই জেরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই নেতার সমর্থকসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

আহতদের মধ্যে পাঁচজনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকদের পরামর্শে তাদের কে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, উভয় পক্ষের ১০ জনকে আটক এবং এলাকায় উত্তেজনা থাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।