১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জামালপুরে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ওসি বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2026, 07:50 PM

Updated : 26 Aug 2026, 03:42 PM

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সাঁতার শিখতে গিয়ে ডোবার পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে মাদারগঞ্জ মডেল থানা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান থানার ওসি স্নেহাশীষ রায়।

নিহত শিশু মোহাম্মদ আনাস (১০) ওই এলাকার হাফিজুর রহমানের ছেলে। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয়দের বরাত পুলিশ জানায়, দুপুরে সাঁতার শিখতে বাড়ির পাশে ডোবায় নামে আনাস। কিছুক্ষণ পর তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে অন্য এক শিশু ডোবায় তাকে ভাসতে দেখে।

খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জাহান ঐশী বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।