নোয়াখালীতে বিয়ের কথা বলে ডেকে নিয়ে নারীকে ‘দলবেঁধে ধর্ষণ’, মামলা
স্বামী পরিত্যক্তা ওই নারী তিন সন্তানের জননী বলে জানিয়েছে পুলিশ।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় স্বামী পরিত্যক্তা এক নারীকে বিয়ের কথা বলে ডেকে নিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ঘটনার পরদিন বুধবার রাতে ভুক্তভোগী নারী তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেন বলে জানান হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন।
মঙ্গলবার রাতে উপজেলার নলচিরা ইউনিয়নের একটি গ্রামে ঘটনাটি ঘটে বলে জানায় পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, তিন সন্তানের জননী ৩০ বছর বয়সী ওই নারীর আগেও তিনটি বিয়ে হয়েছিল। প্রথম সংসার প্রায় ১৮ বছর, দ্বিতীয়টি তিন বছর এবং সর্বশেষ বিয়ে প্রায় এক বছর টেকে। বর্তমানে তিনি আবার বিয়ের জন্য পাত্র খুঁজছিলেন। কিছুদিন আগে পরিচিত এক ব্যক্তিকে নিজের জন্য পাত্র দেখতে বলেন তিনি।
ওসি কবির হোসেন বলেন, “ঘটনার দিন সন্ধ্যায় বিয়ের কথা বলে এক ব্যক্তি মোবাইল ফোনে ওই নারীকে একটি তরমুজ খেত পাহারার টংঘরে ডেকে নেন। সেখানে আগে থেকে আরও দুজন অবস্থান করছিলেন। পরে সেখানে তাকে আটকে রেখে তিনজন ধর্ষণ করেন।”
তিনি বলেন, পরে ভুক্তভোগী নারী একজনের নাম-পরিচয় পুলিশকে জানান। তবে বাকি দুইজনের পরিচয় জানাতে পারেননি।
ওসি কবির হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়। পরে তিনজনকে আসামি করে একটি মামলা নেওয়া হয়।
তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। নির্যাতনের শিকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
