২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী পদ্মা নদীতে নিখোঁজ ৪ জনের মৃতদেহ উদ্ধার

রোববার রাতে ১৬ জন কৃষক ও শ্রমিক টমেটোর জমিতে কাজ করে ফেরার সময় চর মাঝারদিয়া ঘাটের কাছাকাছি আসলে নৌকাটি ডুবে যায়।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2024, 01:52 PM

Updated : 26 Aug 2026, 10:24 AM

রাজশাহীর পবা উপজেলার চর মাঝারদিয়ার সংলগ্ন পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার সন্ধ্যা ৮টার দিকে ঘটা নৌকাডুবির এ ঘটনায় নিখোঁজদের মরদেহ সোমবার রাতে স্থানীয়রা দুই দফায় উদ্ধার করে বলে জানান রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবরি দলের কমান্ডার আব্দুর রাজ্জাক। 

উপজেলার হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলে রাব্বি আল মনজিল বলেন, সোমবার রাত ১০টার দিকে প্রথমে চর খানপুর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে রাত আড়াইটার দিকে আরও দুজনের মরদেহ ভেসে উঠলে সেগুলোও উদ্ধার করা হয়।

মৃতরা হলেন, রাজু (২২), সবুজ (২০), ফারুক (১৯) ও মোহাম্মাদ আলী (৩৮)। তারা সবাই চর মাঝারদিয়ার বাসিন্দা।

পদ্মায় নৌকা ডুবে ৪ শ্রমিক নিখোঁজ, উদ্ধার অভিযান স্থগিত 'প্রচণ্ড স্রোতে'

এর আগে রোববার রাত ৮টার দিকে ছোট নৌকায় ১৬ জন কৃষক ও শ্রমিক টমেটোর জমিতে কাজ করে পদ্মা নদীর এক চর থেকে আরেক চরে ফিরছিলেন। এ সময় চর মাঝারদিয়া ঘাটের কাছাকাছি আসলে নৌকাটি ডুবে যায়। 

নৌকায় থাকাদের মধ্যে ১২ জন সাঁতার কেটে নদীর পাড়ে আসতে পারলেও চার জন নিখোঁজ হন।

তাদের সন্ধানে সোমবার সকালে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে অভিযান শুরু করলেও নদীতে প্রচণ্ড স্রোত থাকায় পরে তা স্থগিত করা হয়।