পদ্মায় নৌকা ডুবে ৪ শ্রমিক নিখোঁজ, উদ্ধার অভিযান স্থগিত ‘প্রচণ্ড স্রোতে’
“ডুবরি টিম ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু সেখানে অভিযান চালানোর কোনো পরিবেশ নেই। বিশেষ করে ঘটনাস্থল থেকে ভারতীয় সীমান্তের দূরত্ব দুই’শ গজ।”
রাজশাহীর পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে চারজন শ্রমিক নিখোঁজ হয়েছেন।
পবা উপজেলার চর মাজারদিয়াড় সংলগ্ন ভারতীয় সীমান্তের কাছে পদ্মা নদীতে রোববার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
সোমবার সকালে নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে অভিযান শুরু করলেও নদীতে প্রচণ্ড স্রোত থাকায় পরে তা স্থগিত করা হয় বলে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবরি দলের কমান্ডার আব্দুর রাজ্জাক জানান।
নিখোঁজ চার শ্রমিক হলেন- আর রাজু, সবুজ, মোহাম্মদ আলী ও ফারুক।
পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ুন কবির বলেন, “রোববার ১৬ জন শ্রমিক পদ্মার চরে কাজে গিয়েছিলেন। সেখান থেকে সন্ধ্যায় তারা একটি ডিঙি নৌকায় করে বাড়ি ফিরছিলেন। পথে তীব্র স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়।
“এ সময় নৌকায় থাকা ১৬ জনের মধ্যে ১২ জন সাঁতরে পাড়ে উঠতে পারলেও রাজু, সবুজ, মোহাম্মদ আলী ও ফারুকের কোনো হদিস মিলছে না। অন্য শ্রমিকেরা অনেক চেষ্টা করেও তাদের উদ্ধার করতে পারেনি।”
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, নিখোঁজ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি রাজশাহী ফায়ার সার্ভিসকে জানানো হয়েছিল। তারা উদ্ধার অভিযানে গিয়ে ফেরত এসেছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, “ডুবরি টিম ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু সেখানে অভিযান চালানোর কোনো পরিবেশ নেই। বিশেষ করে ঘটনাস্থল থেকে ভারতীয় সীমান্তের দূরত্ব দুই’শ গজ।
“এছাড়াও সেখানে পানির প্রচণ্ড স্রোত রয়েছে। ফলে সেখানে অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি।”
