Published : 03 Feb 2026, 11:30 AM
“প্রতিটি পাড়া মহল্লায় জামাতের পক্ষে জোয়ার উঠেছে। দীর্ঘ বছর পর মানুষ পরিবর্তনের লক্ষ্যে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিবে।” বলছিলেন ময়মনসিংহ-৪ সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী কামরুল আহসান এমরুল।
ময়মনসিংহে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের সফরকে কেন্দ্র করে কামরুল আহসানের মত দলের অন্যান্য নেতাকর্মীরাও উজ্জীবিত হয়ে উঠেছেন।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে জনসভায় শফিকুর রহমান বক্তব্য রাখবেন। এ উপলক্ষে সকাল থেকে নেতাকর্মীরা বিভিন্ন উপজেলা থেকে সার্কিট হাউস ময়দানে এসে উপস্থিত হচ্ছেন।
স্থানীয় নেতাকর্মীরা জনসভা সফল করতে নানা প্রস্তুতি নিয়েছেন। নির্বাচনি জনসভায় ময়মনসিংহে ১১টি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীসহ ১১দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।
জামায়াতে ইসলামকে একটি ‘গ্রহণযোগ্য’ ও ‘ইনসাফ প্রতিষ্ঠার দল’ অ্যাখ্যা দিয়ে ময়মনসিংহ-৪ আসনের প্রার্থী কামরুল বলছিলেন, “৫ অগাস্ট পরবর্তী প্রেক্ষাপটে এই দলটির প্রতি মানুষের আস্থা বেড়েছে কয়েকগুন।”
“জামায়াত আমিরের এই সমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশা করছি। সেই লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”

ফুলবাড়িয়া থেকে জনসভায় আসা আবদুল মান্নান বলেন, “আমি ব্যক্তিগতভাবে জামায়াতের আমিরের একজন ভক্ত। তাই তার বক্তব্য শোনার জন্য চলে এসেছি। সামনের সারিতে বসছি।
“লোকটারে দেখলে খুব ভালো লাগে; তার কথাও চমৎকার। এরা ক্ষমতায় গেলে আমার কাছে মনে হয় দেশের সার্বিক উন্নয়ন হবে।”
জনসভায় মিছিল নিয়ে আসা শহীদুল ইসলাম বলছিলেন, “ইসলামী দল জামায়াতকে ঘিরে দেশের মানুষ উজ্জীবিত। তারা পরিবর্তন চাচ্ছে। তার প্রতিফলন ঘটবে আগামী ১২ ফেব্রুয়ারি।”
তিনি বলেন, “যতই দিন এগোচ্ছে, জামায়াতের প্রতি মানুষের আত্মবিশ্বাস ততই বাড়ছে।”