২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা পৃথক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

২০১১ সালে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা ও ২০২০ সালে কলেজছাত্রকে হত্যার পর লাশ বাওড়ে লুকিয়ে রাখায় মামলা দুটি করা হয়।

খুলনা পৃথক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2024, 07:36 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

খুলনায় পৃথক দুইটি হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।

বুধবার সকালে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস ছালাম খান এবং বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মতিয়ার রহমান রায় দুটি ঘোষণা করেন।

খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ফরিদ আহমেদ জানান, যৌতুকের দাবিতে ২০১১ সালের ২৫ অগাস্ট রাতে খুলনা নগরের বেলায়েত হোসেন সড়কের বাসভবনে আসামি নুরুন্নবী তার স্ত্রী জোহরা খাতুনকে শ্বাসরোধে হত্যা করেন।

এরপর স্ত্রীর মরদেহ এবং শিশুপুত্রকে ঘরে তালাবদ্ধ করে রেখে পালিয়ে যান।

এ ঘটনায় জোহরা খাতুনের ভাই সাদ্দাম হোসেন বাদী হয়ে ২৭ অগাস্ট খুলনা থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৩ বছর ধরে চলা এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ১৪ জন।  

বুধবার ওই মামলায় রায়ে আসামি নুরুন্নবীকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক।

রায় ঘোষণার পর আসামিকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

অপরদিকে যশোরের অভয়নগরের কলেজছাত্র নুরুজ্জামান বাবু হত্যা মামলায় আসামি রাজ্জাক পাটোয়ারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মতিয়ার রহমান। তবে আসামি রাজ্জাক পাটোয়ারী পলাতক।

মামলার এজাহারের বরাতে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মাজাহারুল ইসলাম জানান, ২০২০ সালের ১ জুন রাতে কলেজছাত্র নুরুজ্জামান বাবুকে তার বাড়ির পাশের আম বাগানে ডেকে নেয় রাজ্জাক পাটোয়ারী। 

পরে কোমল পানীয়তে চেতনানাশক ওষুধ মিশিয়ে পান করালে নুরুজ্জামান অচেতন হয়ে পড়েন। এরপর গামছা দিয়ে তার চোখ বেঁধে অভয়নগরের পুড়াখালী গ্রামের সরকারি বাঁওড়ের পাশে নিয়ে যাওয়া হয়। 

সেখানে নাইলনের রশি গলায় পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করে মরদেহ বাঁওড়ের কচুরিপানার নিচে লুকিয়ে রাখেন।

পরের দিন নুরুজ্জামানের মোবাইল থেকে অজ্ঞাত পরিচয়ে তার পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

পরে আসামি রাজ্জাক পাটোয়ারীকে আটক করা হলে তার স্বীকারোক্তি  অনুসারে ৪ জুন বাঁওড়ের কচুরিপানার নীচ থেকে নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় নিহত নুরুজ্জামানের বাবা ইমরান গাজী বাদী হয়ে সেই বছরের ৪ জুন অভয়নগর থানায় মামলা দায়ের করেন।

এ মামলায় বুধবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আসামি রাজ্জাক পাটোয়ারীকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন।