Published : 15 Feb 2026, 03:04 PM
কৃষক-শ্রমিকদের ঘামের গন্ধ আতরের মতো এ মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সাধারণ মানুষকে সম্মান করা তার ঈমানি দায়িত্ব।
তিনি বলেছেন, “আমি কোনো ধনী পরিবারে জন্ম নেইনি। আল্লাহর রহমতে আমি একজন কৃষক পরিবারের সন্তান। তাই কৃষক-শ্রমিকদের সম্মান না করলে তা আমার বাবাকে অপমান করার শামিল হবে।”
রোববার সকাল ১০টায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার শিমুলবাক দক্ষিণহাটি এলাকায় জামায়াত ইসলামীর সমর্থক মৃত শাহ আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ পরবর্তী স্মরণসভায় এসব কথা বলেন দলটির আমির শফিকুর রহমান।
গত ৮ ফেব্রুয়ারি ইটনা মিনি স্টেডিয়ামে আয়োজিত নির্বাচনি সমাবেশে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে ৫০ বছর বয়সী শাহ আলমের মৃত্যু হয়।
এর আগে রোববার সকাল ৮টার দিকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সড়কপথে কিশোরগঞ্জ শহরে পৌঁছান।
স্মরণসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি সামিউল হক ফারুকী, জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী, সেক্রেটারি নাজমুল ইসলাম, কাপাসিয়ার নবনির্বাচিত এমপি সালাউদ্দিন আইয়ুবী এবং ঢাকা উত্তর মহানগর জামায়াতের মজলিসে শূরা সদস্য রোকন রেজা শেখ।
শফিকুর রহমান বলেন, “সাধারণ মানুষকে সম্মান করা আমার ঈমানি দায়িত্ব। কৃষক-শ্রমিকরা কঠোর পরিশ্রম করে হালাল রুজি উপার্জন করেন। তাদের ঘামের গন্ধ আমার কাছে আতরের মতো মনে হয়।
“অনেক সময় দেখি কেউ কেউ গরিব মানুষের সঙ্গে হাত মেলানোর পর আড়ালে গিয়ে হাত মুছে ফেলেন। কিন্তু আমি তাদের সেই ঘামকে সম্মানের চোখে দেখি, ভালোবাসার সঙ্গে গ্রহণ করি।”
তিনি বলেন, “আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই। একদল হলো নিষ্পাপ শিশু, যাদের কাছে গেলে ফেরেশতার সান্নিধ্যে থাকার অনুভূতি হয়। আরেকদল হলো দিনমজুর ও শ্রমজীবী মানুষ, যারা রক্ত-ঘাম ঝরিয়ে পরিবারের মুখে হালাল খাবার তুলে দেন।”
স্মরণসভায় শাহ আলমের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়ে শফিকুর রহমান বলেন, “আমি যতদিন সংগঠনের দায়িত্বে আছি, ততদিন এই দায়িত্ব পালন করব। ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন, তারাও তা পালন করবেন বলে আশা রাখি।”
ইটনার স্মরণসভা শেষে সড়ক দুর্ঘটনায় নিহত আরেক জামায়াত কর্মী আব্দুস ছালামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে শফিকুর রহমানের নিকলী উপজেলার ছাতিরচরে যাওয়ার কথা রয়েছে।
গত ৩ ফেব্রুয়ারি কটিয়াদী সরকারি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ওই জনসভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াত কর্মী ৬০ বছর বয়সী আব্দুস ছালাম নিহত হন।
এদিকে দুপুরে তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জের বালিখলা ফেরিঘাটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সংস্কারের ওপর যে গণভোট হয়েছে, এটার পুরোটাই মানতে হবে। এর কোনো খণ্ডিত অংশ আমরা বাস্তবায়ন দেখতে চাই না।’
“দেশটা তো সংসদ থেকেই পরিচালিত হবে ইনশাআল্লাহ। সংসদে একটা সরকারি দল, আরেকটা বিরোধী দল থাকবে। সমাজে এক চাকায় কোনো গাড়ি চলে না, মিনিমাম দুই চাকা লাগে। সরকারি দল যদি ইতিবাচক কার্যক্রম পরিচালনা করে, আমাদের সহযোগিতা থাকবে। জনস্বার্থ বিঘ্নিত হলে আমরা তো জনগণের পক্ষে অবস্থান নেব। আমাদের অবস্থান পরিষ্কার।”