১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কৃষি বিশ্ববিদ্যালয় কর্মকর্তার ঝুলন্ত লাশ, পুলিশের ধারণা ‘আত্মহত্যা’

“ছেলে ১৬ ডিসেম্বর বাড়িতে গিয়েছিল। তখন সে বলেছিল কিছুটা ঋণের চাপে আছে।”

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2025, 05:56 PM

Updated : 10 Sep 2026, 12:28 PM

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোস্তাইন কবীর সোহেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।   

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের নিজ অফিস কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক শহীদুল ইসলাম জানান।

মোস্তাইন কবীর সোহেল ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চরপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক।

অধ্যাপক শহীদুল বলেন, “সকাল সাড়ে ৭টার দিকে বাজার করার জন্য বাসা থেকে বের হন সোহেল। এরপর নিজ অফিস কক্ষে তার ঝুলন্ত লাশ পাওয়ার খবর শুনে আমরা আসি। সোহেল আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে পুলিশ আমাদের জানিয়েছেন।

“ঘটনাস্থল থেকে দুটি সুইসাইড নোট ও মোবাইল উদ্ধার করা হয়েছে। তবে নোটে কি লেখা আছে আমাদের বলেনি পুলিশ। এমন ঘটনা দুঃখজনক; তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান বলেন, সোহেলের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। পরে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

দুটি সুইসাইড নোটে কি লেখা আছে জানতে চাইলে এ পুলিশ কর্মকর্তা বলেন, “তদন্তের স্বার্থে এখনই বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।” 

সোহেলের বাবা আব্দুল মতিন বলেন, “আমার ছেলে ১৬ ডিসেম্বর বাড়িতে গিয়েছিল। তখন সে বলেছিল কিছুটা ঋণের চাপে আছে। কিন্তু এমন যে হবে সেটা কখনো ভাবিনি।”