১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শ্রীলঙ্কাকে আবার পাত্তা না দিয়ে সিরিজ ইংল্যান্ডের

ব্যাটে-বলে লঙ্কানদের পর্যদুস্ত করে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জিতে নিল ইংলিশরা।

শ্রীলঙ্কাকে আবার পাত্তা না দিয়ে সিরিজ ইংল্যান্ডের

দারুণ বোলিংয়ে ম্যাচের সেরা লিয়াম ডসন। ছবি: রয়টার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Sep 2026, 11:10 AM

Updated : 18 Sep 2026, 11:10 AM

আগের ম্যাচের মতো এতটা দুরাবস্থা হলো না শ্রীলঙ্কার। তবে লড়াই তেমন একটা জমল না এবারও। লঙ্কানদের পারফরম্যান্সে কিছুটা উন্নতি ছাপ থাকলেও খুব একটা বেগ পেতে হলো না ইংল্যান্ডকে। ব্যাটে-বলে দাপট দেখিয়ে সিরিজ জয় নিশ্চিত করল ইংলিশরা।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি রেখে সিরিজ জিতে নিল ইংল্যান্ড। আগের ম্যাচে রানের পাহাড় গড়ে জিতেছিল তারা ১১৯ রানে।

কার্ডিফে বৃহস্পতিবার লঙ্কানদের ইনিংস থামে ১৪৫ রানে। ইংলিশরা জিতে যায় ৪৭ বল বাকি রেখেই।

বাঁহাতি স্পিনে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা লিয়াম ডসন। ৩০ রানের ক্যামিও ইনিংসের পথে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৫ হাজার রান স্পর্শ করেন জস বাটলার।

টস হেরে ব্যাটিংয়ে নামা লঙ্কানদের শুরুটা ছিল বেশ ভালো। লাহিরু উদারা যদিও টাইমিং করতে ভুগছিলেন, আরেক ওপেনার পাথুম নিসাঙ্কা শুরু করেন ঝড়ো ব্যাটিংয়ে। তার সৌজন্যেই ৫ ওভারে ৫৫ রান তুলে ফেলে দল।

পাওয়ার প্লের শেষ ওভারে ডসন আক্রমণে আসতেই ম্যাচের চিত্র বদলের শুরু। মিড অনে জেমি ওভারটনের হাতে ধরা পড়েন উদারা (২০ বলে ২১)। জুটি থামে ৫৬ রানে। পরের বলেই বোলারকে ক্যাচ দিয়ে বসেন নতুন ব্যাটসম্যান কামিল মিশারা।

Image

ফিফটি করে দলকে জিতিয়ে ফেরেন টম ব্যান্টন। ছবি: রয়টার্স।

এরপর লঙ্কান ইনিংস আর গতি পায়নি কখনও। ২১ বলে ৩৭ রান করা নিসাঙ্কাকে থামান ওভারটন। কুসাল মেন্ডিসের চোটের কারণে নেতৃত্ব পাওয়া চারিথ আসালাঙ্কা ৩১ রান করেন ৩১ বলে। ওয়ানিন্দু হাসারাঙ্গার ব্যাট থেকে আসে ২২ বলে ২৭।

শেষ দিকে ৬ রানের মধ্যে ৪ উইকেট হারায় লঙ্কানরা। শেষ ৪ ওভারে রান আসে মোটে ১২।

এই পুঁজি নিয়ে ইংলিশদের চ্যালেঞ্জ জানানো ছিল কঠিন। সেটি পারেওনি লঙ্কানরা। টপ অর্ডারের তিন ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে না পারলেও দলকে এগিয়ে নেন ঝড়ের বেগে।

১৩ বলে ২১ করে আউট হন আনাইরিন ডোনাল্ড। ১৬ লে ৩০ করে ঠিক ১৫ হাজার ছুঁয়ে বিদায় নেন বাটলার।

আগের ম্যাচে বিধ্বংসী সেঞ্চুরি করা হ্যারি ব্রুক এবার তিন ছক্কায় ৮ বলে ২৩ করে আউট হয়ে যান। এরপর শুরু হয় টম ব্যান্টনের ঝড়, যা আর থামেনি।

চতুর্থ উইকেটে ২৪ বলে ৫৭ রানের জুটি গড়ে ওঠে, যেখানে জর্ডান কক্সের অবদান মাত্র ৭ বলে ১২। ব্যান্টন দলকে জিতিয়ে অপরাজিত থাকেন ২৪ বলে ৫২ রানে।

সিরিজের শেষ ম্যাচ ওল্ড ট্র্যাফোর্ডের রোববার।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৪৫/৯ (নিসাঙ্কা ৩৭, উদারা ২১, মিশারা ০, আসালাঙ্কা ৩১, কামিন্দু ১২, শানাকা ৪, হাসারাঙ্গা ২৭, রাত্নায়েকে ৪, চামিরা ০, মালিঙ্গা ০; বেকার ৪-১-১৫-১, আর্চার ৪-০-৩৪-২, জ্যাকস ১-০-১৭-০, ডসন ৪-০-৩২-৩, ওভারটন ৪-০-২৩-২, রাশিদ ৩-০-১৮-১)।

ইংল্যান্ড: ১২.১ ওভারে ১৪৬/৪ (বাটলার ৩০, ডোনাল্ড ২১, ব্রুক ২৩, ব্যান্টন ৫২*, কক্স ১২, জ্যাকস ৩*; মাদুশাঙ্কা ২-০-২২-০, চামিরা ৩-০-২৯-১, হাসারাঙ্গা ৩-০-৪২-১, মালিঙ্গা ২.১-০-২৭-১, রাত্নায়েকে ২-০-২৫-১)।

ফল: ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী

সিরিজ: তিন ম্যাচ সিরিজে ইংল্যান্ড ২-০ ব্যবধানে এগিয়ে।

ম্যান অব দা ম্যাচ: লিয়াম ডসন।