২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রেমাল: চাঁদপুর শহর রক্ষা বাঁধের ২০ মিটার দেবে গেছে

দিনভর টানা বৃষ্টিপাত ও মেঘনার উত্তাল ঢেউ সোমবার বিকালে বাঁধে ভাঙন ধরে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2024, 10:08 PM

Updated : 26 Aug 2026, 09:39 AM

ঘূর্ণিঝড় রেমেলের প্রভাবে চাঁদপুরের পুরান বাজার হরিসভা মন্দির এলাকায় শহর রক্ষা বাঁধের অন্তত ২০ মিটার দেবে গেছে। 

দিনভর টানা বৃষ্টিপাত ও মেঘনার উত্তাল ঢেউ সোমবার বিকালে বাঁধে ভাঙন ধরে।

তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ডের লোকজনকে বালিভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চালাতে দেখা গেছে।

পুরান বাজার মেঘনা নদীর তীর এলাকায় গিয়ে দেখা যায়, টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় মেঘনার কয়েক ফুট উঁচু ঢেউ আছড়ে পড়তে থাকে তীরে। 

পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আতঙ্কে নদী তীরের অনেক লোক নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।  

স্থানীয় বাসিন্দা বিমল ও মিজার বলেন, বর্ষা এলে প্রতি বছর নদীতে ভাঙন দেখা দেয়। ইতিমধ্যে অনেকেই বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। ভাঙন দেখা দিলে কর্মকর্তারা আসেন নদীতে বালির বস্তা ফেলতে। 

বাঁধে ভাঙনের ফলে বাড়িঘর টিকবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তারা বিষয়টির স্থায়ী সমাধান চান।  

এদিকে, ভাঙন কবলিত স্থান পরিদর্শনে আসা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, “প্রায় ২০ মিটারের মত শহর রক্ষা বাঁধ দেবে গেছে।”

বাঁধের ভাঙন নিয়ে তিনি আর কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি হননি। 

এ ব্যাপারে মুঠোফোন জেলা প্রশাসক কামরুল হাসানের সঙ্গে কথা বললে তিনি জানান, পুরান বাজার শহর রক্ষা বাঁধে ভাঙনের খবর পেয়েছি। ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডের লোকজন ভাঙন রোধে কাজ শুরু করেছে। ভাঙন রোধে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। আশা করি, বড় ধরনের কোনো সমস্যা হবে না।”