২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড্ডায় তর্ক, ‘বন্ধুর ছুরিকাঘাতে’ যুবকের মৃত্যু

“বন্ধুদের সঙ্গে হৃদয় তর্কে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2025, 04:12 PM

Updated : 26 Aug 2026, 11:40 AM

বগুড়ায় এক যুবককে তার বন্ধুরা ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের ফুলবাড়ী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে বগুড়া ফুলবাড়ী ফাঁড়ির ওসি আলমাস আলী সরকার জানান। 

নিহত ২১ বছর বয়সী হৃদয় আকন্দ ওই এলাকার বাবু আকন্দের ছেলে।

হৃদয় চুরি, ছিনতাই ও মাদক সেবনের সঙ্গে জড়িত ছিল। মাদক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা ওসি আলমাস আলীর।

পুলিশের এই কর্মকর্তা বলেন, “সকালে হৃদয় তার কয়েকজন বন্ধুকে নিয়ে মধ্যপাড়া এলাকায় সরিষার ক্ষেতের পাশে আড্ডা দিচ্ছিল। এ সময় বন্ধুদের সঙ্গে হৃদয় তর্কে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। তখন তাদের মধ্যে কেউ একজন হৃদয়কে মধ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়৷ 

“পরে তাকে উদ্ধার করে প্রথমে টিএমএসএস হাসপাতালে নেওয়া হয়৷সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে হৃদয় মারা যায়।”

নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান ওসি আলমাস।