২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাফনের জন্য আনা নবজাতক কবরস্থানে উঠল নড়েচেড়ে

চাঁদপুর শহরের পৌর কবরস্থানে এ ঘটনা ঘটে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2025, 06:44 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

চাঁদপুর শহরের পৌর কবরস্থানে দাফনের জন্য আনা এক নবজাতক নড়েচড়ে উঠার পর তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। 

রোববার দুপুরে এ ঘটনা ঘটে। শিশুটি এখন ফেমাস স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের এনআইসিইউতে ভর্তি আছে। 

পৌর কবরস্থানের গোরখোদক শাহজাহান সাংবাদিকদের বলেন, দুপুরে ৩০-৩৫ বছরের এক অজ্ঞাত যুবক একটি কার্টুনে করে নবজাতককে দাফনের জন্য নিয়ে আসেন। তিনি শিশুটিকে দ্রুত দাফন করার পরামর্শ দিয়ে চলে যান। দাফন করার আগে আজান দেওয়ার সময় দেখি শিশুটি নড়েচড়ে ওঠে।” 

খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা নবজাতককে হাসপাতালে নিয়ে যান।

ফেমাস স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার (এনআইসিইউ) ছোটন মিয়াজী বলেন, “শিশুটির ওজন ৮০০ গ্রাম। আজই জন্ম হয়েছে বলে মনে হচ্ছে। প্রথমে অক্সিজেন লেভেল কম ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছেন।”

হাসপাতালের কর্মকর্তা (এইচআর অ্যাডমিন) কামরুল ইসলাম জুগলু বলেন, “ছেলে শিশুটিকে এনআইসিইতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নবজাতকের দায়িত্ব হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক জি এম শাহিন নিয়েছেন।”

এদিকে এ ঘটনায় শহরে বেশ তোলপাড় হচ্ছে। অনেকেই বলছেন, সিসি ক্যামেরা ফুটেজ দেখে নবজাতককে ফেলে যাওয়া ব্যক্তিকে শনাক্ত করা উচিত। এবং ঘটনার তদন্ত হওয়া দরকার।