২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদল নেতার মৃত্যু: সিরাজগঞ্জে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চার দিন আগে এনায়েতপুরে বিএনপির ইফতার মাহফিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা পরদিন হাসপাতালে মারা যান বলে জানায় পুলিশ।

ছাত্রদল নেতার মৃত্যু: সিরাজগঞ্জে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
নিহত কবির হোসেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2025, 02:57 PM

Updated : 26 Aug 2026, 12:19 PM

সিরাজগঞ্জের এনায়েতপুরে ইফতার মাহফিলের আয়োজন করা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত এক ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় দলটির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

ঘটনার চার দিন পর শনিবার সকালে নিহত কবির হোসেনের বড় ভাই হযরত আলী হাফিজ বাদী হয়ে মামলাটি করেন বলে জানান এনায়েতপুর থানার পরিদর্শক (তদন্ত) রাজু কামাল।

মামলায় ২৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

উল্লেখযোগ্য আসামিরা হলেন- এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্যসচিব মঞ্জু শিকদার, একই কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিঠু মীর, একই ইউনিয়ন বিএনপির সদস্যসচিব কালাম শিকদার, থানা যুবদলের আহ্বায়ক ফারুক শিকদার, থানা ছাত্রদলের আহ্বায়ক সোহাগ শিকদার, থানা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম এবং সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি জাবেদ আলী।

ছাত্রদল নেতার মৃত্যু: সিরাজগঞ্জে বিএনপির ২ নেতার পদ স্থগিত

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় এনায়েতপুর উপজেলার সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে ইফতার আয়োজন করা হয়। সেখানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার রাত ৮টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেনের মৃত্যু হয়। ২৮ বছর বয়সি কবির চাঁদপুর গ্রামের ফজল হকের ছেলে।

সিরাজগঞ্জে বিএনপির সংঘর্ষে আহত ছাত্রদল নেতার মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ

এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে বুধবার রাতে এনায়েতপুর থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি সাইদুল ও একই কমিটির সাবেক সদস্যসচিব মঞ্জু শিকদারের সব পদ স্থগিত করেছে জেলা কমিটি। পাশাপাশি ঘটনাটি তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।