২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় হামলায় আহত জামায়াত নেতার মৃত্যু

দলীয় কর্মসূচি শেষে মোটরসাইকেলে ফেরার পথে ছিনতাইকারীদের লাঠির আঘাতে তার মাথা ফেটে যায় বলে জানায় পুলিশ।

নওগাঁয় হামলায় আহত জামায়াত নেতার মৃত্যু
নিহত আব্দুল্লাহ হিল কাফি।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2024, 07:47 PM

Updated : 26 Aug 2026, 10:22 AM

নওগাঁর সাপাহার উপজেলায় ছিনতাইকারীদের লাঠির আঘাতে আহত জামায়াতের এক নেতার মৃত্যু হয়েছে।

একদিন আগে আহত ওই নেতা শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান সাপাহার থানার ওসি পলাশ চন্দ্র দেবনাথ। 

নিহত আব্দুল্লাহ হিল কাফি জামায়াত ইসলামী সাপাহার উপজেলা শাখার সেক্রেটারি জেনারেল ও আলহেলাল ইসলামী অ্যাকাডেমি অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ছিলেন। তিনি উপজেলার কাওয়াভাসা গ্রামের মাওলানা আব্দুর রহিমের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে আব্দুল্লাহ হিল কাফি এবং আহমাদুল্লাহ উপজেলার আশড়ন্দ বাজার এলাকায় দলীয় কর্মসূচি শেষে মোটরসাইকেলে করে উপজেলা শহরে ফিরছিলেন। 

পথে সাপাহার-জবই বিল সড়কের সৈয়দপুর সেতু এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা রাস্তায় রশি দিয়ে তাদের পথ রোধ করে। পরে দুজনকে পাশের আমবাগানে নিয়ে মাথায় আঘাত করে তাদের কাছে থেকে টাকা-পয়সা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে মোটরসাইকেলটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়।

তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। তবে লাঠির আঘাতে আহমাদুল্লাহর মাথা বেঁচে গেলেও হেলমেট না থাকায় কাফির মাথা ফেটে যায়। 

স্থানীয়রা তাদের দ্রুত সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি দেখে চিকিৎসক কাফিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর ২টা ৪০ মিনিটে জামায়াত নেতা কাফি মারা যান।

ওসি পলাশ চন্দ্র জানান, এ ঘটনায় থানায় হত্যাসহ ছিনতাইয়ের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।