১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সিলেটে ‘ওয়াচ টাওয়ারে’ ঝুলছিল বিজিবি সদস্যের লাশ

তিনি জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী মিনাটিলা বিওপিতে কর্মরত ছিলেন বলে জানায় পুলিশ।

সিলেটে ‘ওয়াচ টাওয়ারে’ ঝুলছিল বিজিবি সদস্যের লাশ
নিহত জামিল আহমেদ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2026, 04:20 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিজিবি ক্যাম্পের ওয়াচ টাওয়ার থেকে এক বিজিবি সদস্যের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির দায়িত্বধীন উপজেলার মিনাটিলা সীমান্ত ফাঁড়ি (বিওপি) থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জৈন্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানিয়েছেন।

নিহত জামিল হাসান (২০) নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিনগর ইউনিয়নের ইশানঘাটি গ্রামের শেখ ফজলুর রহমানের ছেলে। ২২ অগাস্ট থেকে তিনি সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধীন জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী মিনাটিলা বিওপিতে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর ৬টার মধ্যে যেকোনো সময় ওয়াচ টাওয়ারে গলায় ফাঁস দেন জামিল হাসান। পরে বিষয়টি জানাজানি হলে সকাল ৭টার দিকে জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম ঘটনাস্থলে যান। 

এ সময় জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিমও বিওপি ক্যাম্পে উপস্থিত ছিলেন। পরে উপজেলা সহকারী কমিশনার ও বিজিবি কর্তৃপক্ষের উপস্থিতিতে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পুলিশ।

ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি মাহবুবুর রহমান।