২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বকেয়া পাওয়ার আশ্বাসে এক ঘণ্টার পর অবরোধ তুলে নেন শ্রমিকরা।

বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2025, 03:40 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

বকেয়া বেতনের দাবিতে গাজীপুর নগরে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত নগরের দিঘিরপাড় এলাকায় ‘শিন ইউয়েন’ পোশাক কারখানার শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন বলে জানান গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক ফারুকুল আলম।

পুলিশ ও শ্রমিকরা জানান, অগাস্টের বেতন, নাইট বিল, টিফিন বিল, ইনসেনটিভ বোনাস, হাজিরা বোনাস বুধবার পরিশোধ করার কথা থাকলেও মালিকপক্ষ তা করেননি। 

এতে ক্ষুব্ধ হয়ে সকালে দুই শতাধিক শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। পরে বকেয়া পাওয়ার আশ্বাসে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন শ্রমিকরা।

দ্রুত বকেয়া বেতন পরিশোধ করা না হলে আবার আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন পোশাক শ্রমিকরা। 

শিল্প পুলিশের পরিদর্শক ফারুকুল আলম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে কারখানার দিকে ফিরে গেছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ কারখানার সামনে অবস্থান করছে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশ ও বাসন থানা পুলিশ কারখানার সামনে এবং আশপাশে অবস্থান করছে বলে জানান তিনি। 

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।