রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ নিয়ে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, আহত ১৫
শীতবস্ত্র বিতরণ করবেন ভালো কথা। কিন্তু তিনি স্থানীয় নেতাদের দাওয়াত দেননি, বলেন উপজেলা যুবদলের সদস্যসচিব।
রাজশাহীর তানোরে শীতবস্ত্র বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।
ছয়জনকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
শনিবার বিকালে তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের ভবানীপুর দাখিল মাদ্রাসা মাঠে রাজশাহী-১ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সুলতানুল ইসলাম তারেক ও মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দীনের সমর্থদের মধ্যে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
আহতদের মধ্যে হাসপাতালে ভর্তিরা হলেন, আব্দুস সামাদ (৪৫) মতিউর রহমান (৪৮), ওবায়দুর রহমান (৫০) ফিরোজ মাহমুদ (৪৫), মাহাবুর রহমান (৩৮) এখলাছুর রহমান (৫৩)। তারা বিএনপির স্থানীয় নেতাকর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মাদ্রাসা মাঠে শীতবস্ত্র, ক্যালেন্ডার ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণের আয়োজন করে গোদাগাড়ী বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতানুল ইসলাম তারেক।
বিকালে এই আয়োজনের সময় শরিফ উদ্দীনের সমর্থকরা গিয়ে বাধা দেন। তখন বেশ কিছু চেয়ার ও দুইটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
এ সময় তারেকের অন্তত চারজন কর্মী-সমর্থককে পিটিয়ে আহত করা হয়।
কিছুক্ষণ পর সেখানে যান সুলতানুল ইসলাম তারেক। তিনি যাওয়ার পর তার সমর্থকেরা শরিফ উদ্দীনের কর্মী-সমর্থকদের ওপর পাল্টা হামলা চালায়। এ সময় সংঘর্ষ বেঁধে যায়।
এতে উভয়পক্ষের আরও ১১ জন আহত হন।
শরিফ উদ্দীনের সমর্থক হিসেবে পরিচিত তানোর উপজেলা যুবদলের সদস্যসচিব শরীফ উদ্দিন মুন্সি বলেন, “সুলতানুল ইসলাম তারেক শীতবস্ত্র বিতরণ করবেন, ভালো কথা। কিন্তু তিনি স্থানীয় বিএনপির নেতাদের দাওয়াত দেননি। ফলে সেখানে গিয়ে প্রতিবাদ জানালে এ ঘটনা ঘটে। এতে আমাদের ৮-১০ জন আহত হন।”
সুলতানুল ইসলাম তারেকের সমর্থক স্থানীয় বিএনপি নেতা শামসুল ইসলাম বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সুলতানুল ইসলাম তারেকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠান ছিল। কিন্তু মেজর শরিফের লোকজন সেখানে হামলা চালিয়ে ভাঙচুর ও আমাদের মারধর করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।”
এতে তাদের ৫-৬ জন আহত হয়েছেন বলে দাবি শামসুলের।
এ ব্যাপারে জানতে মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দীনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
তবে সুলতানুল ইসলাম তারেক বলেন, “আওয়ামী ফ্যাসিবাদের ভূত তাদের ঘাড়ে ভর করেছে। তাই এই হামলা। বিষয়টি দলের হাই কমান্ডকে জানানো হয়েছে। তারাই সাংগঠনিক সিদ্ধান্ত নেবেন।”
তানোর থানার ওসি মিজানুর রহমান বলেন, “মারামারির খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ যাওয়ার আগে উভয়পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।”
