পদ্মায় পেতে রাখা নিষিদ্ধ জালে আটকে মরল শুশুক
রোববার ভোর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে প্রশাসন।
মাদারীপুরের শিবচরে পদ্মায় জেলেদের পেতে রাখা নিষিদ্ধ কারেন্ট জালে আটকে মারা যাওয়া শুশুক উদ্ধার করেছে প্রশাসন।
ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন, মৎস্য অফিস ও নৌ পুলিশ সোমবার যৌথভাবে অভিযানে গিয়ে পদ্মার শিবচরের কাঁঠালবাড়ি এলাকায় অসাধু জেলেদের কারেন্ট জালে আটকে মারা যাওয়া শুশুকটি উদ্ধার করে।
শিবচর উপজেলা জ্যেষ্ঠ মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, “জেলেদের নিষিদ্ধ জালে আটকা পড়ে একটি শুশুক মারা গেছে। আমরা সেটি উদ্ধার করেছি।
“প্রায় চার মাস বয়সি প্রাণীটির ওজন ৩০ কেজি, লম্বায় তিন ফুট।”
শিবচর উপজেলা মৎস অফিস জানায়, ডিমওয়ালা ইলিশ মাছ রক্ষায় সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় উপজেলা প্রশাসন, মৎস্য অফিস ও নৌপুলিশের দল।
এর আগে রোববার ভোর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে ৮ কেজি। উদ্ধার মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
