ভোট না দেওয়ায় গ্রামছাড়া করার অভিযোগ, ফিরলেন ৪ মাস পর
দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট বর্জন করায় পাবনার ঈশ্বরদী উপজেলার এই গ্রামের অনেক মানুষ আওয়ামী লীগ নেতাদের রোষানলে পড়ে বাড়িছাড়া হন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জন করায় আওয়ামী লীগ নেতাদের রোষানলে পড়ে গ্রামছাড়া হওয়ার অভিযোগ করেছেন পাবনার ঈশ্বরদী উপজেলার অনেকগুলো পরিবার।
৫ অগাস্ট সরকার পতনের পর বাড়ি ফিরে তারা অভিযোগ করেছেন, সেসময় তাদের বাড়িঘরে হামলা-ভাঙচুর হয়েছে। তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে। দুপক্ষের মধ্যে সংঘর্ষের সময় এক যুবলীগ নেতা নিহতের ঘটনায় তাদের আসামিও করা হয়েছে।
তবে এ নিয়ে এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি জানিয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, “আমি ঘটনাটি শুনেছি। এ বিষয়ে অভিযোগ গ্রহণ করে কঠোর আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করা হবে।”
ভুক্তভোগীরা জানান, উপজেলার চরগড়গড়ি পশ্চিমপাড়া গ্রামটি বিএনপি অধ্যুষিত। গত জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার নির্দেশ দেন আওয়ামী লীগ নেতারা। কিন্তু পছন্দের প্রার্থী না থাকায় এবং বিএনপির ভোট বর্জনের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে গ্রামটির অধিকাংশ মানুষ ভোটকেন্দ্রে যাননি।
এতে ক্ষিপ্ত হয়ে তাদের ফসল কেটে নেওয়া হয়, দখল হয়ে যায় জমি। বাড়িঘর-দোকানপাটে লুটপাট ও ভাঙচুর চালানো হয়। অনেকের গবাদিপশুও নিয়ে যায়। এর মধ্যে ১৯ এপ্রিল গ্রামটিতে আক্রমণ হলে দুপক্ষের সংঘর্ষে ইউনিয়ন যুবলীগ নেতা খায়রুল নিহত হন। গ্রামের কয়েকজন আহত হন। কারও কারও হাত-পা কাটা পড়ে।
এসব হামলা ও লুটপাটের ঘটনায় পুলিশ অভিযোগ না নিলেও, খায়রুল হত্যা মামলায় গ্রামের অনেক মানুষকে আসামি করা হয়। মামলা ও হামলার ভয়ে অনেক পরিবার পালিয়ে যায়।
চরগড়গড়ি পশ্চিমপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, প্রায় প্রতিটি বাড়িতেই হামলার-ভাঙচুরের চিহ্ন। কোনো কোনো বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরে নেই আসবাবপত্র। নষ্ট করে দেওয়া হয়েছে নলকূপ, টয়লেট।
স্থানীয়রা জানান, সরকার পতনের পর গ্রামে ফিরে সাজানো সংসারের কিছু খুঁজে পাননি তারা। এই ভরা বর্ষায় খোলা আকাশের নিচে কাটছে দিন। নতুন সরকারের কাছে নিরাপত্তা ও দোষীদের বিচারের দাবি করেছেন তারা।
গ্রামের বাসিন্দা দোয়াত প্রামাণিক অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগ নেতাদের কথা না শোনায় তারা পরিকল্পিতভাবে গ্রামে সহিংস পরিস্থিতি সৃষ্টি করে। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালামের নির্দেশে সাহাপুর ইউপি সদস্য মিলন, লক্ষ্মীকুণ্ডা ইউপি সদস্য আসাদুল, তরিকুল, যুবলীগ নেতা জহুরুল, সংরক্ষিত মহিলা সদস্য রূপভানের নেতৃত্বে আমাদের লোকজনকে হত্যার উদ্দেশ্যে হামলা করলে আমরা প্রাণ বাঁচাতে চেষ্টা করি। এতে মারামারিতে খায়রুল মারা যান।
“এরপর থেকে তাদের লোকজন আমাদের বাড়িঘর থেকে নারী-পুরুষ-শিশু সবাইকে মারধর করে বের করে দেয়। লুটে নেয় বাড়ির সব কিছু। আমরা এখন নিঃস্ব, পথের ফকির।”
হামলায় আহত ইসাহাক প্রামাণিক বলেন, “আমার সঙ্গে কারো বিরোধ নেই। কিন্তু তারা বিনা কারণে আমার হাত কেটে নিয়ে পঙ্গু করে দিয়েছে। আমার ঘরবাড়ি ভেঙে নিয়ে গেছে। আমাদের কোনোদিনই বাড়ি ফিরতে দেবে না বলেও হুমকি দিয়েছিলো তারা। আমরা এর বিচার চাই।”
কলেজ শিক্ষার্থী শামীম হোসেন বলেন, “সন্ত্রাসীরা কেবল লুটপাট করেই ক্ষান্ত হয়নি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও হামলা করে পরীক্ষা দিতে দেয়নি। নির্যাতিত পরিবারগুলোর কেউই এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। পুলিশ আমাদের নিরাপত্তা না দিয়ে উল্টো সন্ত্রাসীদের সহায়তা করেছে। তারা আমাদের মামলাও নেয়নি।”
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, “চরগড়গড়ি পশ্চিমপাড়ার মানুষের একটাই অপরাধ, তারা বিএনপি সমর্থক। যেভাবে নির্যাতন করা হয়েছে তা মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে। নতুন সরকারের কাছে আমি এই নৃশংসতার বিচার ও ক্ষতিপূরণ দাবি করছি।”
সরকার পতনের পর আওয়ামী লীগ নেতারা অনেকেই এখন এলাকাছাড়া। চেষ্টা করেও তাদের কোনো খোঁজ বা বক্তব্য পাওয়া যায়নি।
তবে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাহাপুর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মিলন প্রামাণিক ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন।
তিনি বলেন, “হামলাকারীরা সশস্ত্র অবস্থায় এসেছিলো। আমি তাদের নিষেধ করলে তারা আমাকেই হত্যা করতো। তাই প্রতিরোধ করতে পারিনি। তবে, হামলা-লুটপাটে আমি কোনোভাবেই সম্পৃক্ত না।”
