Published : 07 Sep 2026, 08:10 PM
পাবনার আটঘরিয়া উপজেলার এক নারীকে ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামি ও সাবেক ইউপি সদস্য আদম আলীকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।
সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের চণ্ডিপাশা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন
নিহত ৬০ বছর বয়সি আদম আলী উপজেলার একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামের প্রয়াত নুরুল ইসলামের ছেলে। তিনি নিষিদ্ধ ‘চরমপন্থি’ দলের সক্রিয় সদস্য ছিলেন বলে ভাষ্য পুলিশের।
আদম আলী ওই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন বলে জানিয়েছেন একদন্ত ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে একদন্ত বাজার থেকে কেনাকাটা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে চণ্ডিপাশা গ্রামে আহমেদ আলীর বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা এদকদল লোক তার পথরোধ করে গুলি চালায়।
এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ওসি নাজমুল হক বলেন, নিষিদ্ধ চরমপন্থি দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আদম আলীর বিরুদ্ধে একাধিক অপরাধমূলক মামলা রয়েছে।
এ ছাড়া আদম ২০২৪ সালের ২৪ ডিসেম্বর ষাটগাছা গ্রামের এক নারীকে ধর্ষণের পর হত্যার মামলায় প্রধান আসামি ছিলেন বলে জানান তিনি।
পাবনা জেলা পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে জোর তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।