২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোংলা বন্দরে পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল

এ চালানে রয়েছে এক হাজার ৪২১ মেট্রিকটনের ২৮০ প্যাকেজ মেশিনারিজ পণ্য।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2022, 03:00 PM

Updated : 06 Sep 2022, 03:43 PM

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ পণ্য নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে রাশিয়ান জাহাজ এমভি ইউনিউইসডম।

জাহাজটি বন্দরের সাত নম্বর জেটিতে সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ভিড়ে বলে মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-সচিব মুন্সী মোহাম্মদ কামরুজ্জামান জানান।

রাত ১০টার পর থেকে জাহাজটি থেকে মালামাল খালাসের কাজ শুরু হয়। মালামাল খালাসের পর তা সড়ক পথে যাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে।

কামরুজ্জামান বলেন, “সরাসরি রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক কেন্দ্রের মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে এসেছে জাহাজটি। রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ শুরুর পর এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় চালান। এ চালানে রয়েছে এক হাজার ৪২১ মেট্টিক টনের ২৮০ প্যাকেজ মেশিনারিজ পণ্য “

বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ম্যাক শিপিংয়ের ম্যানেজার আবুল হাশেম শামীম বলেন, “সোমবার রাত থেকে শুরু করে এ পণ্য খালাসে সময় লাগবে চার দিন।”

এর আগে গত ১ অগাস্ট এম ভি কামিল্লা ও ৫ আগস্ট এম ভি ড্রাগনবল রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক কেন্দ্রের মালামাল নিয়ে এ বন্দরে আসে বলে জানান তিনি।

মোংলা বন্দরর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মুসা বলেন, “মোংলা বন্দরের বিদ্যমান অত্যাধুনিক সুযোগ সুবিধার কারণেই দেশের বেশিরভাগ মেগা প্রকল্পের মালামাল এ বন্দর দিয়েই আমদানি ও পরিবহন হচ্ছে। এতে বন্দর ব্যবহারকারীদের যেমন অর্থের সাশ্রয় হচ্ছে, তেমন নিরাপদে দ্রুত স্বল্প সময়ে মালামাল প্রকল্প এলাকায় নিতে পারছেন। পদ্মা সেতুর কারণে ঢাকার সঙ্গে দূরত্ব কমে যাওয়ার ফলে ব্যবসায়ীদের মোংলা বন্দরের প্রতি আগ্রহ ক্রমেই বেড়ে চলেছে।”

এ বন্দরের উপর চাপ বাড়তে থাকায় বন্দরের সক্ষমতাও বাড়ানো হচ্ছে বলে জানান তিনি।