সিলেট-সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৩৯ জনকে ঠেলে দিল বিএসএফ
আটকদের মধ্যে ৩৮ জন কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরও ৩৯ জনকে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ।
মঙ্গলবার ভোরে জৈন্তাপুর উপজেলা ও ছাতক উপজেলা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয় বলে জানান সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
বিজিবি জানায়, জৈন্তাপুরের মিনাটিলা বিওপির কেন্দ্রী এলাকা থেকে তিনটি পরিবারের ১৯ সদস্যকে আটক করা হয়েছে। এর মধ্যে পুরুষ ছয়জন, ছয় নারী এবং সাতজন শিশু। তারা কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
এ ছাড়া ছাতকের নোয়াকোট বিওপির বাগানবাড়ি এলাকা থেকে তিনটি পরিবারের ২০ সদস্যকে আটক করেছে বিজিবি। এর মধ্যে পুরুষ ছয়জন, আট নারী এবং ছয়জন শিশু। তাদের মধ্যে ১৯ জন কুড়িগ্রাম জেলার এবং একজন পাবনা জেলার বাসিন্দা।
লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ভারত থেকে আসারা সবাই বাংলাদেশি নাগরিক; যারা বিভিন্ন সময় অবৈধভাবে দেশটিতে গিয়েছিল।
যাচাই-বাছাই শেষে আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
এর আগে ২৮ মে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৮২ জনকে ‘পুশ ইন’ করেছিল ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ।
