সিলেট সীমান্ত দিয়ে ফের ২১ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ
এর আগে বুধবার ভোরে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৮২ জনকে ঠেলে দেওয়া হহয়েছিল বলে জানিয়েছে বিজিবি।
সিলেটের বিয়ানীবাজার উপজেলা সীমান্ত আরও ২১ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ।
বৃহস্পতিবার সকালে উপজেলার মুড়িয়া ইউনিয়নের নয়াগ্রাম সীমান্ত থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বিয়ানীবাজার বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান।
আটকৃতরা হলেন- কেরামত শেখ (৬০), রমেছা বেগম (৫৫), কুলছুম শেখ (২০), জহুরা বেগম (৬০), সোহাগী বেগম (৩২), সিদ্দিক শিকদার (১৮), জুয়েল শাহানুর শেখ (২৮), মরিয়ম খাতুন (২৫), তাছলিমা বেগম (৩৫), রোকসানা (৩৫), আজগর আলী (৪০) ও ইতি বেগম (৩৬)। বাকি আটজন শিশু।
২৫ মে একই সীমান্ত এলাকায় ৩২ জনকে আটক করেছিল বিজিবি। আটক ব্যক্তিদের সবাই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে বিজিবি। বুধবার ভোরে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৮২ জনকে ঠেলে দেওয়া হহয়েছিল বলে জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার বিজিবি জানায়, নয়াগ্রাম সীমান্ত এলাকায় আজ ভোরে অভিযান চালায় বিজিবির সদস্যরা। এ সময় ভারত থেকে অবৈধভাবে ঠেলে পাঠানো ২১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে আট শিশু, পাঁচজন পুরুষ ও আটজন নারী ছিলেন।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, আটক ব্যক্তিদের বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত পাহারায় বিজিবি সর্তক অবস্থানে রয়েছে।
বিয়ানীবাজার থানার ওসি মো. আশরাফ উজ্জামান বলেন, আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা কাজের জন্য বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। দিনমজুরের কাজ করতেন। তারা নড়াইল ও খুলনা জেলার বাসিন্দা বলে জানায়। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
