মনোনয়ন বাতিলের দাবি: রাজশাহীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২০
রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের মশাল মিছিলের এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে জানায় পুলিশ।
রাজশাহী-১ আসন থেকে দলীয় মনোনয়ন বঞ্চিত বিএনপির এক নেতার অনুসারীদের ডাকা মশাল মিছিল থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
এ আসন থেকে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া শরীফ উদ্দিনের সমর্থকদের সঙ্গে মনোনয়ন বঞ্চিত সুলতানুল ইসলাম তারেকের সমর্থকদের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় তানোর উপজেলা শহরে এ ঘটনা ঘটে।
তানোর থানার ওসি আফজাল হোসেন বলেন, বিএনপির দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শরীফ উদ্দিনের মনোনয়ন বাতিলের দাবিতে সন্ধ্যায় উপজেলার মিনি স্টেডিয়াম মাঠ থেকে মশাল মিছিল বের করেন সুলতানুল ইসলাম তারেকের অনুসারীরা। মিছিল নিয়ে তারা থানার মোড়ের দিকে যাওয়ার সময় সামনে থেকে শরীফ উদ্দিনের অনুসারীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন।
এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ২০ জন আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুলতানুল ইসলাম তারেক বলেন, “তারা দল করে, আমরাও দল করি। প্রার্থী পছন্দ না হলে সারাদেশেই বিক্ষোভ হচ্ছে, আমাদের এখানেও হচ্ছে। আমার অনুসারীরাও সন্ধ্যায় প্রার্থী বদলের দাবিতে মশাল মিছিল বের করেন। এতে হামলা করা হয়েছে।
“শরীফ সাহেব তানোর পৌরসভার সাবেক মেয়র ও বহিষ্কৃত বিএনপি নেতা মিজানুর রহমান মিজানকে নির্দেশ দিয়েছেন, এলাকায় যেন কোনো বিক্ষোভ না হয়। তাই মিজান তার লোকজন নিয়ে এ হামলা করেছেন। নেতাকর্মীদের পিটিয়ে পা ভেঙে দেওয়াসহ জখম করেছেন তারা।”
যুবদল নেতার অভিযোগ, তাদের নেতাকর্মীদের বহনকারী অন্তত ১৮টি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। এসব অটোরিকশায় চড়ে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা উপজেলা সদরে এসেছিলেন। গাড়িগুলো ভাঙচুরের পর চাবি নিয়ে চলে গেছে প্রতিপক্ষের লোকজন।
এ ছাড়া হামলার সময় কিছু লোকজন ভূমি অফিসে আশ্রয় নিয়েছিলেন। সেখানেও হামলা করেছেন তারা।
এ সময় হামলাকারীরা ভূমি অফিসের এক কর্মকর্তার গাড়িও ভাঙচুর করেন বলে জানান যুবদল নেতা তারেক। তিনি বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ করা হবে।
তানোর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মিজানুর রহমান মিজান বলেন, “মিছিলে হামলা করা হয়নি। শুধু বাধা দেওয়া হয়। তবে মিছিল থেকে আমাদের কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এতে বেশ কিছু কর্মী আহত হয়েছেন।”
এ বিষয় নিয়ে জানতে বিএনপি মনোনীত প্রার্থী শরীফ উদ্দীনকে মোবাইল করা হলে তিনি ফোন ধরেননি।
রাজশাহীর সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) মীর্জা মো. আব্দুস সালাম বলেন, “পুলিশের অনুমতি নিয়ে যে কেউ মিছিল-মিটিং করতেই পারে। তাতে কারও বাধা দেওয়ার এখতিয়ার নেই।
“তানোরে মিছিলে বাধা দেওয়া কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তানোর থানার ওসি আফজাল হোসেন।
