২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে সেতু ধসে যোগাযোগ বন্ধ, ‘অপরিকল্পিত খনন দায়ী’

এলজিইডি এ ঘটনার জন্য পাউবোর অপরিকল্পিত নদী খননকে দায়ী করলেও সংস্থাটি অভিযোগ অস্বীকার করেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2025, 06:56 PM

Updated : 26 Aug 2026, 12:49 PM

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় প্রায় আড়াই দশক আগে আয়মন নদীর ওপর নির্মিত সেতুটি ধসে দুই পাড়ের মানুষের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।  

সেতু নির্মাণকারী সংস্থা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি এবং স্থানীয় লোকজন এ ঘটনার জন্য পানি উন্নয়ন বোর্ড-পাউবোর অপরিকল্পিত নদী খননকে দায়ী করলেও সংস্থাটি অভিযোগ অস্বীকার করেছে।  

স্থানীয়রা জানান, উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের পলশা ভিটিবাড়ী গ্রামের আয়মন নদীর উপর সেতুটি ‘গহুর মোল্লার ব্রিজ’ নামে পরিচিত। ২০০১ সালের দিকে এলজিইডি সেতুটি নির্মাণ করে। 

টানা কয়েকদিনের বৃষ্টিতে আয়মন নদীতে পানির চাপ বৃদ্ধি পায়। এতে সেতুর দুই পাশের মাটি সরে গিয়ে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পাটাতন ধসে পড়ে। এতে দুই পাড়ের মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। 

সম্প্রতি সেতুটি সংরক্ষণ না করেই অপরিকল্পিতভাবে আয়মন নদী খনন কাজ করে পাউবো। ফলে সেতুর গোড়ার মাটি সরে গিয়ে সেটি নড়বড়ে হয়ে পড়ে। স্রোত আর পানির চাপে সেটি ধসে গেছে বলে অভিযোগ স্থানীয়দের। 

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, “এই ব্রিজটি দিয়ে পলশার স্কুল ও মাদ্রাসায় শিক্ষার্থীরাও চলাচল করে। হঠাৎ করে সকালে ব্রিজটি ভেঙে যাওয়ায় কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের চলাচল বন্ধ রয়েছে। আমরা ভোগান্তির মধ্যে পড়েছি।” 

তোতা মিয়া নামে আরেক বাসিন্দা বলেন, “অপরিকল্পিতভাবে আয়মন নদী খননের কারণেই ব্রিজটি চোখের সামনে ভেঙে পড়তে দেখলাম। ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি। আমাদের ভোগান্তি শুরু হয়েছে।” 

সেতুটি ভেঙে পড়ায় পণ্য পরিবহণে শুক্রবার সকাল থেকে সমস্যা হচ্ছে জানিয়ে আজহারুল ইসলাম বলেন, “কয়েক গ্রামের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে আয়মন নদীর ওপর ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। ব্রিজটির কারণে এই অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে অনেকটা স্বাবলম্বী। হঠাৎ করে ব্রিজটি ভেঙে যাওয়ায় আমাদের মাথায় হাত পড়েছে। দ্রুত ব্রিজটি নির্মাণের দাবি জানাচ্ছি।” 

এলজিইডি মুক্তাগাছা উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, “সেতুটি আমরাই নির্মাণ করেছিলাম। কিন্তু পাউবো অপরিকল্পিতভাবে নদী খনন করার কারণে সেতুটি ভেঙে গেছে। মানুষের দুর্ভোগ কমাতে ঘটনাস্থল পরিদর্শন করে বাঁশের সাঁকো নির্মাণ করে দেওয়া হবে। পরে পুনরায় সেতুটি করার জন্য মন্ত্রণালয়ে আবেদন করব।” 

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম বলেন, “সেতুটি ভেঙে পড়েছে শুনেছি। এরই মধ্যে সেটি পরিদর্শনে যাওয়ার কথা ভাবছি। কিন্তু টানা বৃষ্টিতে এখনও যেতে পারিনি। পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

পাউবো ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী মো. আখলাক উল জামিল বলেন, “আমরা নদী খনন করার আগে উপজেলা প্রশাসনকে চিঠি দিয়েছি সেতু সংরক্ষণ করার জন্য। সেতুর দুইপাশে ৩০ মিটারের মধ্যে আমরা কোনো খনন কাজ করিনি। এখন যদি সেতু ভেঙে পড়ে তাহলে দায় কেন আমরা নেব?”